বিজ্ঞাপন
দুই হাজার বছর পর রোমান স্কটল্যান্ডে মৃ ত্যু হওয়া ব্যক্তির মুখ ফিরল ডিজিটাল প্রযুক্তিতে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৪:২১ পিএম
বিজ্ঞাপন
প্রায় দুই হাজার বছর আগে রোমান সাম্রাজ্যের সীমান্তবর্তী স্কটল্যান্ডে মৃ ত্যু হয়েছিল এক ব্যক্তির। সময়ের ব্যবধানে তাঁর চেহারা হারিয়ে গেলেও কঙ্কাল থেকে পাওয়া বিভিন্ন তথ্য এবং আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তির সাহায্যে এবার তাঁর মুখের একটি ডিজিটাল অবয়ব তৈরি করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি দল। গবেষকদের এই প্রচেষ্টা প্রাচীন স্কটল্যান্ডের মানুষের জীবনযাপন, শারীরিক অবস্থা এবং অতীত সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে।
ব্যক্তিটির মাথার খুলি এবং ডিজিটালভাবে পুনর্গঠিত মুখের অবয়ব স্কটল্যান্ডের এডিনবরায় অবস্থিত ন্যাশনাল মিউজিয়াম অব স্কটল্যান্ডের একটি প্রদর্শনীতে দেখানো হবে। ‘রোমান স্কটল্যান্ড: লাইফ অন দ্য এজ অব এম্পায়ার’ নামের এই প্রদর্শনী আগামী ১৪ নভেম্বর শুরু হবে এবং চলবে ২০২৭ সালের ১৮ এপ্রিল পর্যন্ত। এতে রোমান সাম্রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষ, সামরিক উপস্থিতি এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার নানা দিক তুলে ধরা হবে।
গবেষকদের ধারণা, ওই ব্যক্তির বয়স ছিল ৫০ বছরের কিছু বেশি। খ্রিষ্টীয় ১৪০ থেকে ১৬৫ সালের মধ্যে স্কটল্যান্ডের এডিনবরার কাছাকাছি ইনভেরেস্ক এলাকায় তাঁর মৃ ত্যু হয়েছিল। তিনি মূলত ব্রিটেনের দক্ষিণাঞ্চলের বাসিন্দা ছিলেন। সেখান থেকে কয়েক শ মাইল পথ পাড়ি দিয়ে ফার্থ অব ফোর্থ উপকূলবর্তী এলাকায় পৌঁছেছিলেন বলে গবেষণায় জানা গেছে।
তাঁর চেহারা পুনর্গঠনের জন্য বিশেষজ্ঞরা একাধিক বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করেছেন। এর মধ্যে ছিল কঙ্কালের গঠন বিশ্লেষণ, অতীতে শরীরের বিভিন্ন উপাদান নিয়ে করা গবেষণা এবং প্রাচীন ডিএনএ পরীক্ষা। এসব তথ্য একত্র করে ব্যক্তিটির শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নেওয়া হয়। এরপর সেই তথ্যের ভিত্তিতে তৈরি করা হয় তাঁর সম্ভাব্য মুখের অবয়ব।
তবে গবেষকেরা সতর্ক করে বলেছেন, ডিজিটাল পুনর্গঠনটি ওই ব্যক্তির প্রকৃত চেহারার শতভাগ নিশ্চিত প্রতিচ্ছবি নয়। বরং প্রাপ্ত বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে তাঁর মুখ কেমন হতে পারে, সেটির একটি সম্ভাব্য রূপ তুলে ধরা হয়েছে।
ন্যাশনাল মিউজিয়াম অব স্কটল্যান্ডের প্রাগৈতিহাসিক ও রোমান প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান কিউরেটর ফ্রেজার হান্টার জানিয়েছেন, ইনভেরেস্কে রোমান আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে তিনি বহু বছর ধরে কাজ করছেন। কিন্তু এই মুখ পুনর্গঠনের মাধ্যমে প্রথমবারের মতো ওই এলাকার একজন বাসিন্দাকে কল্পনায় আরও স্পষ্টভাবে দেখতে পারছেন।
তাঁর মতে, প্রত্নতত্ত্ব শুধু পুরোনো বস্তু বা ধ্বংসাবশেষের ইতিহাস জানায় না। এর মাধ্যমে অতীতের মানুষের আশা, ভয়, অভিজ্ঞতা এবং ব্যক্তিগত জীবনের বিষয়গুলোও বোঝার সুযোগ তৈরি হয়। আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে ইনভেরেস্কের ওই বাসিন্দার সম্ভাব্য চেহারা তুলে ধরতে পারা তাঁর কাছে বিশেষ অভিজ্ঞতা। হান্টার আরও মনে করেন, ব্যক্তিটির পরিবার ও পরিচিতজনেরা তাঁকে দেখলে এই অবয়বের সঙ্গে তাঁর মিল খুঁজে পেতে পারতেন।
কঙ্কাল পরীক্ষা করে ওই ব্যক্তির জীবনে একাধিক শারীরিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁর ডান হাতের কনুইয়ের কাছে হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি ছিল। এর কারণে হাতটির ব্যবহার সীমিত হয়ে পড়েছিল বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তাঁদের ধারণা, সেপটিক আর্থ্রাইটিস নামের সংক্রমণজনিত প্রদাহ থেকে এই সমস্যা হয়ে থাকতে পারে। রোগটি জয়েন্ট বা অস্থিসন্ধিতে সংক্রমণ সৃষ্টি করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে হাড়েরও ক্ষতি করতে পারে।
এ ছাড়া তাঁর নাক ভাঙার চিহ্নও পাওয়া গেছে। তবে আঘাতটি মৃত্যুর আগেই সেরে গিয়েছিল বলে কঙ্কাল বিশ্লেষণে বোঝা যায়। শারীরিক অবস্থার এসব তথ্যের ভিত্তিতে গবেষকেরা মনে করছেন, মৃ ত্যুর সময় তিনি আর সৈনিক হিসেবে দায়িত্ব পালন করছিলেন না। কারণ, তাঁর ডান হাতের সীমিত ব্যবহার তাঁকে তলোয়ার চালানোর মতো কাজ করতে বাধা দিতে পারত।
ইনভেরেস্কের রোমান দুর্গের আশপাশে একাধিক ব্যক্তির সমাধি পাওয়া গেছে। প্রত্নতত্ত্ববিদদের কাছে এসব সমাধি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ রোমান আমলের স্কটল্যান্ডে এ ধরনের সমাধি খুব বেশি পাওয়া যায় না। সেখানে সমাহিত ছয়জন প্রাপ্তবয়স্ক পুরুষের মধ্যে চারজনের দেহে মৃত্যুর পর মাথা বিচ্ছিন্ন করার চিহ্ন পাওয়া গেছে। মুখ পুনর্গঠন করা ব্যক্তিও তাঁদের একজন।
গবেষকদের মতে, ব্রিটেনে এ ধরনের ঘটনার প্রাচীনতম পরিচিত উদাহরণগুলোর মধ্যে এগুলো অন্যতম। স্কটল্যান্ডে এখন পর্যন্ত পাওয়া এ ধরনের নিদর্শনের মধ্যে এগুলোকে প্রথম উদাহরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তবে মৃত্যুর পর কেন ওই ব্যক্তিদের মাথা বিচ্ছিন্ন করা হয়েছিল, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এর পেছনে অতিপ্রাকৃত বিষয় নিয়ে তৎকালীন মানুষের বিশ্বাস, মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ কিংবা শাস্তি দেওয়ার কোনো প্রথা কাজ করে থাকতে পারে। কিন্তু এসব সম্ভাবনার কোনটি প্রকৃত কারণ ছিল, তা নির্ধারণ করার মতো যথেষ্ট প্রমাণ এখনো পাওয়া যায়নি।
জাদুঘরটির অস্থি-প্রত্নতত্ত্ব বিভাগের কিউরেটর জেস থম্পসন জানিয়েছেন, ইনভেরেস্কের সমাধিগুলো রোমান আমলের স্কটল্যান্ড সম্পর্কে জানার জন্য অত্যন্ত বিরল ও গুরুত্বপূর্ণ নিদর্শন। তাঁর মতে, বিভিন্ন শাস্ত্রের গবেষণা একসঙ্গে কাজে লাগিয়ে মানুষের শারীরিক বৈশিষ্ট্যের পাশাপাশি তাঁদের জীবনের গল্পও পুনর্গঠন করা সম্ভব হচ্ছে। তাঁরা কোথা থেকে এসেছিলেন, কেন সীমান্তবর্তী এলাকায় গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তাঁদের জীবনে কী ঘটেছিল—এসব প্রশ্নের উত্তর খুঁজতে গবেষণা সহায়তা করছে।
এই মুখ পুনর্গঠনের কাজ করেছেন বিশেষজ্ঞ ক্রিস রিন। অস্থি-প্রত্নতাত্ত্বিক মূল্যায়ন, আগে পরিচালিত আইসোটোপ বিশ্লেষণ এবং প্রাচীন ডিএনএ গবেষণার ফলাফল একত্র করে তিনি ব্যক্তিটির সম্ভাব্য চেহারা তৈরি করেন। আইসোটোপ বিশ্লেষণের মাধ্যমে মানুষের অতীত জীবন ও ভৌগোলিক উৎস সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। অন্যদিকে প্রাচীন ডিএনএ থেকে জিনগত বৈশিষ্ট্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।
এই গবেষণায় ন্যাশনাল মিউজিয়াম অব স্কটল্যান্ডের পাশাপাশি ডারহাম বিশ্ববিদ্যালয়, ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ এবং হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণাসংশ্লিষ্ট কাজের তথ্য ব্যবহার করা হয়েছে।
প্রদর্শনীতে শুধু রোমান সৈন্যদের সামরিক অভিযান নয়, বরং তাঁদের ঘাঁটির আশপাশে বসবাসকারী সাধারণ মানুষের জীবনও তুলে ধরা হবে। রোমান সাম্রাজ্য যখন নতুন ভূখণ্ড দখলের চেষ্টা করছিল, তখন স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রায় কী পরিবর্তন এসেছিল, সেই অভিজ্ঞতাও থাকবে প্রদর্শনীর আলোচনায়।
প্রায় দুই হাজার বছর আগের একজন মানুষের মুখের এই পুনর্গঠন তাই শুধু একটি প্রত্নতাত্ত্বিক কৌতূহল নয়। এটি প্রাচীন মানুষের জীবন, শারীরিক সীমাবদ্ধতা, ভৌগোলিক যাত্রা এবং মৃত্যুর পর তাঁদের দেহকে ঘিরে প্রচলিত রীতিনীতি সম্পর্কে জানারও একটি নতুন সুযোগ তৈরি করেছে।