বিজ্ঞাপন
ব্রিটেনে পানির নমুনায় ক্ষতিকর ব্যাকটেরিয়া
কলের পানি ফুটিয়ে ব্যবহারের নির্দেশ
যুক্তরাজ্য প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পিএম
বিজ্ঞাপন
ব্রিটেনের দক্ষিণ উপকূলীয় শহর লি-অন-দ্য-সলেন্টে পানির নমুনায় ব্যাকটেরিয়ার উপস্থিতির ইঙ্গিত পাওয়ার পর প্রায় ৭০টি বাড়ির বাসিন্দাকে কলের পানি ফুটিয়ে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। পানির নিরাপত্তা নিশ্চিত করতে আরও পরীক্ষা চালাচ্ছে সরবরাহকারী প্রতিষ্ঠান পোর্টসমাউথ ওয়াটার।
সোমবার (১৯ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পোর্টসমাউথ ওয়াটার জানিয়েছে, গত সপ্তাহান্তে নিয়মিত পানির গুণমান পরীক্ষার সময় এলাকার একটি অগ্নিনির্বাপণ পানির সংযোগস্থল থেকে সংগ্রহ করা নমুনায় ব্যাকটেরিয়ার উপস্থিতি শনাক্ত হয়েছে। নমুনাটি মার্টিন ক্লোজ এলাকার একটি ফায়ার হাইড্র্যান্ট থেকে সংগ্রহ করা হয়েছিল।
এ ঘটনায় মার্টিন ক্লোজ, বুলফিঞ্চ কোর্ট, ম্যাগপাই লেন ও চ্যাফিঞ্চ ওয়ের বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। পরীক্ষার ফলাফল সম্পূর্ণ নিরাপদ না হওয়া পর্যন্ত তাদের কলের পানি ফুটিয়ে ব্যবহার করতে বলা হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, পানির নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী পরীক্ষার জন্য সংগ্রহ করা পানির নমুনা বিশ্লেষণ করা হচ্ছে। পরীক্ষায় পানি নিরাপদ প্রমাণিত না হওয়া পর্যন্ত বাসিন্দাদের সতর্কতা মেনে চলতে হবে।
নির্দেশনা অনুযায়ী, পান করার আগে, দাঁত ব্রাশ করার সময়, থালাবাসন পরিষ্কার করতে এবং পোষা প্রাণীকে পানি দেওয়ার আগে কলের পানি ফুটিয়ে নিতে হবে। বরফ তৈরি, খাবার ধোয়া, শিশুর খাবার প্রস্তুত এবং খাবার তৈরির স্থান পরিষ্কারের ক্ষেত্রেও ফুটানো পানি ব্যবহার করতে হবে।
তবে গোসল করা, কাপড় ধোয়া এবং টয়লেট পরিষ্কারের মতো কাজে ফুটানো ছাড়া কলের পানি ব্যবহার করা যাবে।
পোর্টসমাউথ ওয়াটার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর বাসিন্দাদের জন্য বোতলজাত পানির ব্যবস্থাও করা হচ্ছে। পাশাপাশি মার্টিন ক্লোজ ও ম্যাগপাই লেনের সংযোগস্থলে এবং ১৪ নম্বর চ্যাফিঞ্চ ওয়ের বাইরে বিকল্প পানির সরবরাহকেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্র থেকে পানি ব্যবহারের ক্ষেত্রে সংযত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, যাদের পানির কলেই ফুটানোর ব্যবস্থা রয়েছে অথবা যারা ডিশওয়াশার ব্যবহার করতে চান, তাদের যন্ত্র প্রস্তুতকারকের নির্দেশনা যাচাই করতে হবে। পানি অন্তত পাঁচ মিনিট ধরে ৭০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় গরম করা না হলে এসব যন্ত্র ব্যবহারে সতর্ক থাকতে বলা হয়েছে।
কেউ ফুটানো ছাড়া কলের পানি পান করার পর অসুস্থ বোধ করলে স্থানীয় চিকিৎসক বা ফার্মাসিস্টের সঙ্গে যোগাযোগ করতে কিংবা এনএইচএস ১১১ নম্বরে ফোন করতে বলা হয়েছে।