বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ার সিডনিতে একসঙ্গে কোরআনে হাফেজ হলেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন ভাই
অস্ট্রেলিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৪:২৭ এএম
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ার সিডনিতে একসঙ্গে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে এক অনন্য গৌরবের অধিকারী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন সহোদর। মুসআব মোহাম্মদ আজাদ, সাদ মোহাম্মদ আজাদ ও মুআজ মোহাম্মদ আজাদ নামের এই তিন ভাইয়ের অসামান্য অর্জনে প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
সিডনির ব্যাংকসটাউনে অবস্থিত 'দারুল নাসিহাহ অস্ট্রেলিয়া' নামের একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তাঁরা এই কোরআন হিফজের শিক্ষা সম্পন্ন করেন। প্রবাসের মাটিতে জন্ম নিয়ে এবং পশ্চিমা আবহে বেড়ে ওঠার পরও তাঁদের এই অর্জন পরিবার ও কমিউনিটির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।
গত ১৭ অক্টোবর, শনিবার ব্যাংকসটাউনে মাগরিবের নামাজের পর দারুল নাসিহাহ অস্ট্রেলিয়ার উদ্যোগে এক বিশেষ হিফজ সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে কোরআনের হাফেজ হওয়া তিন ভাইয়ের পাশাপাশি ইব্রাহিম খান নামের আরেক নবীন হাফেজকেও বিশেষ সম্মাননা জানানো হয়।
স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক, অভিভাবক ও মুসলিম সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বক্তারা প্রবাসে নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় শিক্ষাপ্রসার ও মূল্যবোধ চর্চার ওপর জোর দেন।
পশ্চিমা সংস্কৃতিতে বেড়ে ওঠার পরও নিজেদের ধর্ম ও শেকড়ের প্রতি অবিচল থেকে তিন ভাইয়ের এই অসামান্য অর্জনকে প্রবাসীদের জন্য এক দারুণ উদাহরণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সন্তানদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পরিবারের সঠিক দিকনির্দেশনা ও পরিচর্যা কতটা গুরুত্বপূর্ণ, এই ঘটনা তারই প্রমাণ। তাঁদের এই সাফল্য অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসী বাংলাদেশি পরিবারগুলোকে কোরআন শিক্ষার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।