বিজ্ঞাপন
৫০ মিলিয়ন ডলারের হীরাখচিত ব্রা পরে ভিক্টোরিয়াস সিক্রেট শো মাতালেন কাইলি জেনার
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৩:১১ এএম
বিজ্ঞাপন
দীর্ঘ ১৯ বছর পর লস অ্যাঞ্জেলেসে ফের অনুষ্ঠিত হলো বিশ্বখ্যাত 'ভিক্টোরিয়াস সিক্রেট ফ্যাশন শো'। আদ্রিয়ানা লিমা ও আলেসান্দ্রা আমব্রোসিওর মতো প্রবীণ মডেলদের পাশাপাশি কাইলি জেনার ও নাতালিয়া ব্রায়ান্টের মতো নতুন মুখের উপস্থিতিতে এবারের আসরটি ছিল তারকায় ভরপুর।
রোববার রাতের এই জমকালো আয়োজনে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছেন কাইলি জেনার। রানওয়েতে নিজের অভিষেকে তিনি পরেছিলেন বিখ্যাত 'ফ্যান্টাসি ব্রা', যার বাজারমূল্য প্রায় ৫০ মিলিয়ন ডলার। জ্যাকব অ্যান্ড কোং-এর নকশা করা এই ব্রা-টিতে ৪ হাজার ৪১০টি প্রাকৃতিক হীরার পাশাপাশি কেন্দ্রে রয়েছে একটি ৭৫ ক্যারেটের হলুদ হীরা। এটি এই শোয়ের ইতিহাসে পরিধান করা সবচেয়ে দামি ফ্যান্টাসি ব্রা হিসেবে বিবেচিত হচ্ছে।
ফ্যাশন শো-তে কাইলির চমকের পাশাপাশি আরও বেশ কিছু মুহূর্ত নজর কেড়েছে দর্শকদের। মা হওয়ার মাত্র ছয় সপ্তাহ পরই রানওয়েতে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন মডেল বারবারা প্যালভিন; দর্শকসারিতে বসে স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন স্বামী ডিলান স্প্রাউস।
অন্যদিকে, পায়ের চোটে ক্রাচে ভর করা সুপারমডেল জিজেলে বুন্ডশেন শো শুরুর আগে একটি ভিডিও বার্তার মাধ্যমে সারপ্রাইজ ক্যামিও দেন এবং ভবিষ্যতে ব্র্যান্ডটির সাথে আরও কাজ করার ইঙ্গিত দেন। এছাড়া, প্রয়াত বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্টের মেয়ে নাতালিয়া ব্রায়ান্টেরও এদিন ভিক্টোরিয়াস সিক্রেটের রানওয়েতে জমকালো অভিষেক ঘটে।
রানওয়ের বাইরে দর্শকসারিতেও ছিল তারকাদের ছড়াছড়ি। মেগান থি স্ট্যালিয়ন, টেট ম্যাক্রে এবং কাটসেইয়ের মতো শিল্পীদের পারফরম্যান্সের তালে মেতে উঠেছিলেন সামনের সারিতে বসা তারকারা। বিশেষ করে হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান দর্শকসারিতে সবার নজর কাড়েন। মেগান থি স্ট্যালিয়নের গানে তাঁর নাচ এবং 'নিকোল কিডম্যান' শিরোনামের একটি গান বাজার সময় তাঁর লাজুক হাসির মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।