বিজ্ঞাপন
গ্রামীণ স্বাস্থ্যসেবায় লাখ লাখ ডলার, মায়েদের চিকিৎসায় নতুন উদ্যোগ ট্রাম্প প্রশাসনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মিসৌরি অঙ্গরাজ্যের গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবা উন্নয়নে ২৩ লাখ ডলারের বেশি ফেডারেল তহবিল বরাদ্দের ঘোষণা দিয়েছে। ১৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের মেডিকেয়ার ও মেডিকেইড সার্ভিসেস কেন্দ্র এ তথ্য প্রকাশ করে।
এই অর্থের মধ্যে ১৪ লাখ ৬০ হাজার ডলার ব্যয় করা হবে গ্রামীণ স্বাস্থ্যকর্মীদের জন্য সাশ্রয়ী শিশু পরিচর্যা সুবিধা সম্প্রসারণে। এর মাধ্যমে স্বাস্থ্যসেবা পেশায় নিয়োজিত কর্মীদের সন্তানদের দেখাশোনার খরচ সামলাতে সহায়তা করা হবে। এতে স্বাস্থ্যকর্মীদের চাকরিতে থাকা ও নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে সহায়ক পরিবেশ তৈরির লক্ষ্য রয়েছে।
এ ছাড়া ৮ লাখ ৭৯ হাজার ডলার ব্যয় করা হবে মিসৌরিতে সনদপ্রাপ্ত ধাত্রী প্রশিক্ষণ কর্মসূচি চালুর প্রাথমিক কাজে। বিশেষ করে যেসব গ্রামীণ এলাকায় গর্ভবতী নারী ও মায়েদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়া কঠিন, সেখানে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের উদ্দেশ্য গ্রামীণ এলাকায় চিকিৎসাকর্মীর সংকট কমানো এবং মায়েদের জন্য প্রয়োজনীয় সেবা আরও সহজলভ্য করা। তবে বরাদ্দ ঘোষণা করা মানেই সব সুবিধা ইতিমধ্যে চালু হয়ে গেছে, এমন নয়।