Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

নিউইয়র্কের স্কুলশিক্ষিকার মেসিকে নিয়ে বিতর্কিত পোস্ট

ইহুদিবিদ্বেষী মিম ছড়ানোর গুরুতর অভিযোগ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পিএম

নিউইয়র্কের স্কুলশিক্ষিকার মেসিকে নিয়ে বিতর্কিত পোস্ট

বিজ্ঞাপন

নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলের এক শিক্ষিকার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ইহুদিবিদ্বেষী মিম ছড়ানোর গুরুতর অভিযোগ উঠেছে। মাইসা জারারা নামের ওই গণিত শিক্ষিকা আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে একটি বিকৃত ব্যঙ্গচিত্র পোস্ট করেছেন।

গত ১৯ জুলাই ফেসবুকে করা ওই পোস্টে মেসিকে বড় নাক ও মাথায় ইহুদিদের ঐতিহ্যবাহী টুপি (ইয়ারমুলকে) পরিহিত অবস্থায় হাত ঘষতে দেখা যায়, যা ইহুদিদের লোভী ও চক্রান্তকারী হিসেবে তুলে ধরা পুরোনো নাৎসি প্রোপাগান্ডার কথা স্মরণ করিয়ে দেয়। ‘দ্য হ্যাপি মার্চেন্ট’ নামের ঘৃণ্য একটি মিমের আদলে তৈরি ওই ছবির ক্যাপশনে পার্ক স্লোপ কলেজিয়েটের এই শিক্ষিকা লেখেন, "তার মুখের অভিব্যক্তিটি অমূল্য।"

উল্লেখ্য, ২০১৩ সালে একটি ‘শান্তি সফরে’ ইসরায়েল গিয়েছিলেন মেসি। অনলাইন অ্যান্টিসেমিটিজম ওয়াচডগ 'সাইবারওয়েল'-এর তথ্যমতে, বিশ্বকাপ চলাকালেও মেসিকে নিয়ে এমন ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়েছিল যে, ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ইহুদিদের দ্বারা নিয়ন্ত্রিত এবং তারা মেসির ক্যারিয়ারকে সুবিধা দিতে পর্দার আড়ালে কাজ করছে।

শিক্ষিকার এমন আচরণের কড়া সমালোচনা করে ইউনাইটেড জিউইশ টিচার্স-এর প্রেসিডেন্ট মোশে স্পার্ন জানিয়েছেন, ইহুদিদের লোভী ও চক্রান্তকারী হিসেবে তুলে ধরে জারারা একটি বড় সীমা অতিক্রম করেছেন। অন্যদিকে, নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলস অ্যালায়েন্সের প্রেসিডেন্ট কারেন ফেল্ডম্যান একে ‘গভীর উদ্বেগজনক’ আখ্যা দিয়ে বলেছেন, শিশুদের শিক্ষিত করার দায়িত্বে থাকা একজন ব্যক্তি যখন প্রকাশ্যে এমন উসকানিমূলক ও বিভ্রান্তিকর পোস্ট করেন, তা কিছুতেই মেনে নেওয়া যায় না।

মেসিকে নিয়ে পোস্টের বাইরেও জারারা নিয়মিত ইসরায়েলবিরোধী বার্তা ছড়ান, যার মধ্যে রক্তমাখা ইসরায়েলি পতাকার ছবিও রয়েছে। এমনকি, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের প্রাণঘাতী হামলার তৃতীয় বার্ষিকীতেও তিনি ইনস্টাগ্রামে জ্বলন্ত স্তূপের সামনে নারী-পুরুষের নাচের একটি বিতর্কিত ছবি পোস্ট করে উল্লাস প্রকাশ করেন।

নিউইয়র্কের ডিপার্টমেন্ট অব এডুকেশন (DOE) পরিচালিত স্কুলগুলোতে সাম্প্রতিক সময়ে এ ধরনের বিদ্বেষমূলক ঘটনা বেড়েই চলেছে। এর আগে ড্যামিয়ান নেভা এবং জর্জ ট্রিমের মতো অন্যান্য শিক্ষকরাও প্রকাশ্যে ইহুদিবিদ্বেষী ও সন্ত্রাসবাদ সমর্থনকারী কার্যকলাপে যুক্ত থাকার দায়ে সমালোচিত ও তিরস্কৃত হয়েছেন।

শ্রেণিকক্ষে ক্রমাগত এমন পক্ষপাতদুষ্ট ও বিদ্বেষমূলক আচরণের কারণে নিউইয়র্ক শহরের হাজার হাজার ইহুদি পরিবার তাদের সন্তানদের সুরক্ষা দিতে পাবলিক স্কুল থেকে সরিয়ে নিচ্ছে। 'টিচ কোয়ালিশন'-এর একটি সমীক্ষা অনুযায়ী, এই পরিস্থিতির কারণে বিগ অ্যাপল এবং এম্পায়ার স্টেটের ইহুদি স্কুলগুলোতে শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যেখানে নতুন করে প্রায় ৩,১০০ শিক্ষার্থী ভর্তি হয়েছে।

সরকারি নথি অনুযায়ী, ২০২৫ সালে ১ লাখ ৪০ হাজার ডলার বেতন পাওয়া শিক্ষিকা মাইসা জারারার সাথে এ বিষয়ে মন্তব্যের জন্য সংবাদমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার