Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

জেসমিনকে আইসিই নিয়ে গেছে বলে দাবি স্বামীর, অবশেষে হত্যা মামলায় তাকেই আটক করল পুলিশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পিএম

জেসমিনকে আইসিই নিয়ে গেছে বলে দাবি স্বামীর, অবশেষে হত্যা মামলায় তাকেই আটক করল পুলিশ

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ স্ত্রীকে ইমিগ্রেশন এজেন্টরা আটক করে নিয়ে গেছেন বলে দাবি করেছিলেন গুরিন্দর গিল। কিন্তু তদন্তে সেই দাবির সত্যতা মেলেনি। পরে উদ্ধার হওয়া দগ্ধ দেহাবশেষ তাঁর স্ত্রী জেসমিন গিলের বলে শনাক্ত হলে হত্যার অভিযোগে গুরিন্দরকে গ্রেপ্তার করা হয়।

স্যাক্রামেন্টো কাউন্টি শেরিফের কার্যালয় ১৬ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৪ অক্টোবর গুরিন্দরকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। তাঁকে স্যাক্রামেন্টো কাউন্টি মেইন জেলে রাখা হয়েছে। তিনি বর্তমানে জামিনের যোগ্য নন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেসমিনকে সর্বশেষ ৩০ সেপ্টেম্বর স্যাক্রামেন্টোর নিজ বাসায় দেখা যায়। ৪ অক্টোবর তাঁর এক কাজিন নিখোঁজের বিষয়টি কর্তৃপক্ষকে জানান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরিন্দর দাবি করেন, বাসার চিঠিপত্র দেখতে যাওয়ার সময় ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের, সংক্ষেপে আইসিইর, এজেন্টরা জেসমিনকে আটক করে নিয়ে যান। তদন্তকারীরা আইসিইর সঙ্গে যোগাযোগ করলে সংস্থাটি জানায়, ওই বাসায় তাদের কোনো অভিযান বা আটকের ঘটনা ঘটেনি।

তদন্ত এগোতে থাকলে স্ত্রীর নিখোঁজ হওয়ার বিষয়ে গুরিন্দরের বক্তব্যে আরও কয়েকটি অসংগতি পাওয়া যায় বলে জানিয়েছে শেরিফের কার্যালয়। তদন্তকারীরা জানতে পারেন, এই দম্পতির বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছিল। সন্তানের হেফাজত নিয়েও তাঁদের মধ্যে বিরোধ ছিল।

এদিকে জেসমিনকে নিখোঁজ হিসেবে জানানোর তিন দিন আগে, ১ অক্টোবর এল ডোরাডো কাউন্টিতে দগ্ধ মানবদেহের অবশেষ উদ্ধার করা হয়। পরে সেগুলো জেসমিনের বলে নিশ্চিত করা হয়।

তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে গুরিন্দরের বিরুদ্ধে হত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা নেন গোয়েন্দারা। তাঁকে গ্রেপ্তারের পাশাপাশি তাঁর সঙ্গে সংশ্লিষ্ট দুটি বাসায় তল্লাশি পরোয়ানাও কার্যকর করা হয়।

জেসমিনের মৃত্যুর কারণ কিংবা উদ্ধার হওয়া দেহাবশেষ কীভাবে শনাক্ত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি শেরিফের সংবাদ বিজ্ঞপ্তিতে। গুরিন্দরের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হলেও আদালতে তা প্রমাণিত হওয়ার তথ্য ওই বিজ্ঞপ্তিতে নেই।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার