বিজ্ঞাপন
এক টুকরো পলিথিনে মেসির নাম, আর তাতেই বদলে গেল আফগান শিশু মুরতাজার জীবন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পিএম
বিজ্ঞাপন
আফগানিস্তানের ছোট্ট শিশু মুরতাজা আহমাদির কথা ফুটবল ভক্তদের নিশ্চয়ই মনে আছে। পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির একটি আসল জার্সি কেনা তার জন্য ছিল শুধুই স্বপ্ন। কিন্তু দারিদ্র্য তার ভালোবাসাকে আটকে রাখতে পারেনি। বড় ভাইয়ের সহায়তায় নীল-সাদা ডোরাকাটা একটি পলিথিনের ব্যাগ কেটে সে বানিয়ে নেয় প্রিয় তারকার জার্সি।
এরপর মার্কার কলম দিয়ে তাতে পরম যত্নে লিখে দেয় ‘MESSI’ এবং আইকনিক ১০ নম্বর। ২০১৬ সালের জানুয়ারিতে পলিথিনের সেই জার্সি গায়ে মুরতাজার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায় এবং কোটি মানুষের হৃদয় জয় করে।
ক্ষুদে এই ভক্তের নিখাদ ভালোবাসা নজর এড়ায়নি স্বয়ং লিওনেল মেসিরও। শিশুটির প্রতি ভালোবাসা ও সম্মান জানিয়ে তিনি নিজের স্বাক্ষর করা দুটি জার্সি ও একটি ফুটবল উপহার হিসেবে পাঠান। স্বপ্ন পূরণের গল্প এখানেই শেষ হয়নি; ২০১৬ সালের ডিসেম্বরে কাতারের দোহায় প্রিয় তারকার সঙ্গে সরাসরি দেখা করার অভাবনীয় সুযোগও পেয়ে যায় ছোট্ট মুরতাজা। মেসির কোলে চড়ে মাঠে প্রবেশ করার সেই আবেগঘন মুহূর্তটি ফুটবল বিশ্বের অন্যতম স্মরণীয় ঘটনা হয়ে আছে।
তবে মুদ্রার উল্টোপিঠের মতো এই আকস্মিক খ্যাতির একটি বিষাদময় পরিণতিও ছিল। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ছবিটি ভাইরাল হওয়ার পর আফগানিস্তানের তৎকালীন পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীনতায় পড়ে মুরতাজার পরিবার। অপহরণ ও প্রাণনাশের আশঙ্কায় একপর্যায়ে বাধ্য হয়ে নিজেদের ভিটেমাটি ছেড়ে পাকিস্তানে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল তাদের।