বিজ্ঞাপন
আসন বদল না করতে চাওয়ায় যাত্রীকে নামাল ডেল্টা, নিয়ম ভাঙার দাবি এয়ারলাইনসের
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পিএম
বিজ্ঞাপন
কলম্বিয়ার বোগোটা থেকে যুক্তরাষ্ট্রের আটলান্টাগামী ডেলটা এয়ার লাইনসের একটি ফ্লাইটে আসন বদল নিয়ে বিরোধের পর সান্তিয়াগো দাজা নামের এক যাত্রীকে উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়া হয়। তাঁর অভিযোগ, বিকল্প আসনটি কম আরামদায়ক হওয়ায় নিজের নির্ধারিত আসনে থাকার সিদ্ধান্ত নেওয়ার পর পরিস্থিতি জটিল হয়। অন্যদিকে ডেলটা জানিয়েছে, ক্রুদের নির্দেশনা না মানায় তাঁকে নামানো হয়েছিল। তবে কোন নির্দেশনা অমান্য করেছিলেন, তা স্পষ্ট করেনি সংস্থাটি।
ঘটনাটি ঘটে ৯ সেপ্টেম্বর, বোগোটার এল দোরাদো আন্তর্জাতিক বিমানবন্দরে ডেলটার ৯৮৩ নম্বর ফ্লাইট ছাড়ার আগে। দাজার আটলান্টা হয়ে অরল্যান্ডো যাওয়ার কথা ছিল। প্রায় এক মাস পর তাঁর ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়।
দাজার ভাষ্য অনুযায়ী, এক নারী যাতে তাঁর স্বামীর পাশে বসতে পারেন, সে জন্য একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট তাঁকে আসন বদলের অনুরোধ করেন। প্রথমে তিনি রাজি হন। পরে বিকল্প আসনটি দেখে তাঁর মনে হয়, সেখানে জায়গা কম এবং সেটি তুলনামূলক অস্বস্তিকর। তখন তিনি নিজের নির্ধারিত আসনেই থাকার সিদ্ধান্ত নেন।
এরপর ক্রুদের সঙ্গে কথোপকথনের একাংশ ক্যামেরাযুক্ত মেটা স্মার্ট গ্লাস দিয়ে ধারণ করেন দাজা। কলম্বিয়ার সংবাদমাধ্যম ইনফোবায়ের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওতে একজন ক্রুকে স্প্যানিশ ও ইংরেজিতে তাঁকে রেকর্ডিং বন্ধ করতে বলতে শোনা যায়। পরে তাঁকে জানানো হয়, ক্যাপ্টেন তাঁকে উড়োজাহাজ থেকে নামানোর সিদ্ধান্ত নিয়েছেন।
ভিডিও ধারণের বিষয়টি নিয়ে আশপাশের যাত্রীদের মধ্যেও ভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। একজন তাঁকে রেকর্ডিং বন্ধ করতে বলেন। অন্যদিকে পাশের আসনের এক নারী তাঁর পক্ষে কথা বলেন। তবে প্রকাশিত ভিডিওতে পুরো ঘটনার ধারাবাহিক বিবরণ নেই।
ডেলটার বক্তব্যের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ক্রুদের নির্দেশনা মানতে অস্বীকৃতি জানানোয় ওই যাত্রীকে নামিয়ে পরবর্তী একটি ফ্লাইটে তাঁর ভ্রমণের ব্যবস্থা করা হয়। সংস্থাটি প্রকাশ্যে আসন বদল করতে অস্বীকৃতি কিংবা ভিডিও ধারণের কোনটি এই সিদ্ধান্তের নির্দিষ্ট কারণ ছিল, তা ব্যাখ্যা করেনি।
দাজা জানিয়েছেন, পরে ডেলটা তাঁকে ১৫০ ডলারের ট্রাভেল ক্রেডিটের প্রস্তাব দেয়। তিনি তা গ্রহণ করতে রাজি হননি। তাঁর দাবি, অর্থের চেয়ে কেন তাঁকে ফ্লাইট থেকে নামানো হয়েছিল, তার সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া বেশি গুরুত্বপূর্ণ। অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়ে তিনি যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।