বিজ্ঞাপন
কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বহু হতাহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ পিএম
বিজ্ঞাপন
কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি।
শনিবার (১৭ অক্টোবর) গভীর রাত পর্যন্ত আগুন নেভাতে কাজ করেন দমকলকর্মীরা। প্রবল বাতাসে আগুন কানাডিয়ান ফোর্সেস বেস (সিএফবি) ওয়েনরাইটের সীমানা ছাড়িয়ে আশপাশের গ্রামীণ এলাকায় ছড়িয়ে পড়ে। এটি দেশটির অন্যতম ব্যস্ত সামরিক প্রশিক্ষণ ঘাঁটি।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি বলেন, ‘ঘাঁটিতে একটি ঘটনার ফলে প্রাণহানি ও আহত হওয়ার খবর জানাতে পেরে আমি গভীরভাবে দুঃখিত।’
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে এমন ঘটনা ঘটেছে বলে তার মনে পড়ে না। পরিস্থিতি এখনো অত্যন্ত সক্রিয় ও স্পর্শকাতর।
কানাডার সম্প্রচারমাধ্যম গ্লোবাল নিউজ অজ্ঞাতনামা সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, এ ঘটনায় অন্তত সাতজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, সরাসরি গুলি চালানোর প্রশিক্ষণ চলাকালে একটি গ্যাসের পাইপলাইন বা গ্যাসকূপে আঘাত লাগে। এতে বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকে আগুনের সূত্রপাত হয়।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটিকে ‘গুরুতর ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি লেখেন, ‘এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সব সাহসী নারী ও পুরুষের প্রতি আমাদের সমবেদনা।’
ঘাঁটি থেকে ১৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এডমন্টন শহরের একটি হাসপাতালের চিকিৎসক কানাডার জাতীয় সম্প্রচারমাধ্যমকে জানিয়েছেন, আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে। ঘাঁটির আশপাশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে রোগীর চাপ এত বেশি যে সেগুলো পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে।
রয়্যাল আলেকজান্দ্রা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়ারেন থিরস্ক সিবিসি নিউজকে বলেন, ‘এতসংখ্যক রোগীর চাপ এডমন্টন শহরের স্বাস্থ্যব্যবস্থাকে সামাল দিতে হিমশিম খাওয়াবে।’
তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে রোগীর সংখ্যা গুনে শেষ করা কঠিন। এটি একটি বিপর্যয়। ১৫ থেকে ২৫ বছরে একবার এমন বিপর্যয় ঘটে।’
ওয়েনরাইটের পৌর জেলা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল বাতাসের মধ্যে আগুন সামরিক ঘাঁটির বেড়া পেরিয়ে দ্রুত ছড়িয়ে পড়ে।
ম্যাকগিন্টি বলেন, কানাডার সশস্ত্র বাহিনী এবং কেন্দ্রীয়, প্রাদেশিক ও স্থানীয় কর্তৃপক্ষ সমন্বিতভাবে জরুরি পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।
আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ আগুনের ঘটনাটিকে ‘ভয়াবহ ও মর্মান্তিক’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এতে বহু সামরিক সদস্য ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পয়লিয়েভর জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী কার্নি ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে সহায়তার প্রস্তাব দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘সবাই ওয়েনরাইটের জন্য প্রার্থনা করুন।’ একই সঙ্গে তিনি ওই এলাকার বাসিন্দাদের জরুরি নির্দেশনা মেনে চলতে এবং উদ্ধারকর্মীদের চলাচলের জন্য সড়ক ফাঁকা রাখতে আহ্বান জানান।
সূত্র: আল জাজিরা