Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ার তিন শহরের সিটি কাউন্সিল নির্বাচনে লড়ছেন তিন বাংলাদেশি-আমেরিকান

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ পিএম

ক্যালিফোর্নিয়ার তিন শহরের সিটি কাউন্সিল নির্বাচনে লড়ছেন তিন বাংলাদেশি-আমেরিকান

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি-আমেরিকানদের অংশগ্রহণের ধারাবাহিকতায় ক্যালিফোর্নিয়ার তিনটি শহরের সিটি কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন প্রার্থী। তাঁরা হলেন শাজিয়া হক, মোহাম্মদ কে. রহমান ও এম এস আলম। আগামী ৩ নভেম্বরের নির্বাচনে তাঁরা মন্টেবেলো, পেরিস ও চিনো শহরের বিভিন্ন কাউন্সিল ডিস্ট্রিক্ট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে জয়ী হলে নিজ নিজ শহরের উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে প্রচার চালাচ্ছেন তাঁরা।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির মন্টেবেলো শহরের সিটি কাউন্সিলের ডিস্ট্রিক্ট ১ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাজিয়া হক। শহরটির সরকারি নির্বাচনী তথ্যেও তাঁর প্রার্থিতার বিষয়টি উল্লেখ রয়েছে। ব্যবসা ও কমিউনিটি কার্যক্রমে প্রায় ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে বলে তাঁর পরিচিতিতে জানানো হয়েছে। নির্বাচনী প্রচারে স্বচ্ছতা, জবাবদিহি, বাজেট ব্যবস্থাপনা, নিরাপদ পাড়া-মহল্লা এবং স্থানীয় ব্যবসার বিকাশকে গুরুত্ব দিচ্ছেন তিনি। বাংলাদেশি-আমেরিকানদের প্রতিনিধিত্ব বাড়ানো এবং বিশেষ করে নতুন প্রজন্ম ও নারীদের জন্য মূলধারার রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের বিষয়টিও তাঁর প্রচারের গুরুত্বপূর্ণ দিক।

রিভারসাইড কাউন্টির পেরিস শহরের সিটি কাউন্সিলের ডিস্ট্রিক্ট ১ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ কে. রহমান। তাঁর নির্বাচনী পরিচিতি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ডাক বিভাগে ২৭ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। নির্বাচিত হলে জননিরাপত্তা জোরদার, সাশ্রয়ী আবাসনের সুযোগ বৃদ্ধি, ক্ষুদ্র ব্যবসার বিকাশ এবং তরুণদের জন্য নতুন সুযোগ তৈরিতে কাজ করতে চান তিনি। পাশাপাশি সড়কবাতি, ফুটপাত এবং পাড়া-মহল্লার নিরাপত্তা উন্নয়নের বিষয়েও গুরুত্ব দিচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন সমস্যা সমাধান এবং নাগরিক সেবার মান বাড়ানো তাঁর নির্বাচনী পরিকল্পনার অন্যতম লক্ষ্য।

অন্যদিকে, সান বার্নার্ডিনো কাউন্টির চিনো শহরের সিটি কাউন্সিলের ডিস্ট্রিক্ট ৩ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রকৌশলী এম এস আলম। চিনো শহরের সরকারি নির্বাচনী তথ্যেও তাঁর নাম প্রার্থী হিসেবে রয়েছে। তাঁর পেশাগত পরিচিতি অনুযায়ী, তিনি ক্যালিফোর্নিয়া পরিবহন বিভাগের (ক্যালট্রান্স) ডিস্ট্রিক্ট ৭-এ প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন। পাশাপাশি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, লং বিচে খণ্ডকালীন শিক্ষকতা করেন। প্রায় ১৮ বছর ধরে চিনো শহরে বসবাসকারী এম এস আলম নিরাপদ ও পরিকল্পিত নগরায়ণ, উন্নত যোগাযোগব্যবস্থা, শক্তিশালী অবকাঠামো এবং নাগরিক সেবার মান বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছেন। প্রকৌশল ও প্রকল্প ব্যবস্থাপনায় অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে শহরের উন্নয়নে অবদান রাখার প্রত্যাশা তাঁর।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সরকারব্যবস্থায় সিটি কাউন্সিলের ভূমিকা গুরুত্বপূর্ণ। স্থানীয় নীতিমালা, নগর পরিকল্পনা, সড়ক ও অবকাঠামো উন্নয়ন, আবাসন এবং নাগরিক সেবার মতো বিভিন্ন বিষয়ে কাউন্সিল সিদ্ধান্ত নিয়ে থাকে। ফলে এসব নির্বাচনে বাংলাদেশি-আমেরিকানদের অংশগ্রহণ স্থানীয় পর্যায়ে তাঁদের অভিজ্ঞতা, চাহিদা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার সুযোগ তৈরি করতে পারে। একই সঙ্গে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে বিভিন্ন কমিউনিটির সঙ্গে স্থানীয় প্রশাসনের যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর সম্ভাবনাও থাকে।

মন্টেবেলো, পেরিস ও চিনো—তিন শহরের নির্বাচনে এই তিন প্রার্থীর অংশগ্রহণ বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্য আগ্রহের বিষয় হয়ে উঠেছে। আগামী ৩ নভেম্বর ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থী নির্বাচন করবেন। নির্বাচনে তাঁদের ফলাফল কী হয়, তা জানতে অপেক্ষা করতে হবে ভোট গণনা ও সরকারি ফলাফল ঘোষণার জন্য।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার