Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি, সৌদি কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৮ পিএম

মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি, সৌদি কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে?

বিজ্ঞাপন

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে অনৈতিক কাজ করার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের পর দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। কিন্তু প্রশ্ন উঠছে, বাংলাদেশি দু’জনের শাস্তি কার্যকরের বিষয়ে পরিবার বা দূতাবাসকে কোনোরকম অবহিত না করে সৌদি আরব ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে কি না?

এ বিষয়ে বাংলাদেশের কাছে ব্যাখ্যা দিতে দেশটি আইনত কতটা বাধ্য এবং ওই দুই বাংলাদেশির মরদেহ বাংলাদেশে কিভাবে কোন প্রক্রিয়ায় আসবে কিংবা আদৌ আসবে কি-না, সেই প্রশ্নও উঠেছে।

জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের সূত্রগুলো নিশ্চিত করেছে, ওই দুজনের আটক, বিচার ও শাস্তি কার্যকরের বিষয়ে কোনো তথ্যই সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাসকে অবহিত করেনি। কিন্তু সংবাদমাধ্যম থেকে জানার পর বাংলাদেশের দিক থেকে চাওয়া ব্যাখ্যা সৌদি আরব দিতে বাধ্য কি-না তা এখনো পরিষ্কার নয়।

সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন, একজন নাগরিক বিদেশে এমন পরিস্থিতির মুখে পড়লে তার দেশের কনস্যুলার সুবিধা চাইতে পারেন। কিন্তু এক্ষেত্রে কি হয়েছে আমরা জানি না। বিচারটি সৌদি আরবের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়াতে হওয়ায় বাংলাদেশকে জানাতে তাদের জন্য আইনি কোনো বাধ্যবাধকতা নেই। তবে বাংলাদেশ জানতে চাইলে তারা হয়তো জবাব দিতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, দুই বাংলাদেশির পরিবার ও বাংলাদেশ দূতাবাসকে না জানিয়ে শাস্তি কার্যকর করার মাধ্যমে সৌদি আরব ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে। সৌদি আরব ভিয়েনা কনভেনশনে স্বাক্ষরকারী একটি দেশ। ১৯৮১ সালে দেশটি কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশনে স্বাক্ষর করে, যেটি ভিয়েনা প্রটোকল হিসাবেও পরিচিত।

ওই প্রটোকলের ৩৬ অনুচ্ছেদে, বিদেশি নাগরিককে আটক বা বন্দি করলে তার অনুরোধে কোনো বিলম্ব না করে তার দেশের কনস্যুলার বিভাগ অর্থাৎ দূতাবাসকে জানানোর কথা বলা হয়েছে।

যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ডঃ রায়হান রশীদ বলছেন, যেটুকু তথ্য প্রকাশ পাচ্ছে তাতে দুই বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আপিল প্রক্রিয়ার পরে অর্থাৎ এটি হঠাৎ করে ঘটেনি।

‘‘এটি বাংলাদেশ দূতাবাসের জানা উচিত ছিল। ভিকটিম বা সৌদি কর্তৃপক্ষ না জানালে দূতাবাস জানবে না এটি গ্রহণযোগ্য নয়। কারণ প্রক্রিয়াটি একদিনে হয়নি। আবার ভিয়েনা কনভেনশন অনুযায়ী ওই দুজনকে বারবার নোটিফাই করার কথা যে তারা কনস্যুলার সুবিধা নেবেন কি-না। তারা না নিতে চাইল সৌদি কর্তৃপক্ষের দায় নেই,’’ বিবিসিকে বলছিলেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার