বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে হৃদরোগ গবেষণায় নজর কাড়লেন ভারতীয় শিক্ষার্থী, সুযোগ পেলেন সম্মানজনক কর্মসূচিতে
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পিএম
বিজ্ঞাপন
পরিবারের এক সদস্যের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা বদলে দিয়েছিল তাঁর জীবনের লক্ষ্য। সেই কষ্টদায়ক অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়েই এখন যুক্তরাষ্ট্রে হৃদরোগ গবেষণায় কাজ করছেন ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন (ইউটিএ)-এর তৃতীয় বর্ষের (জুনিয়র) ভারতীয় শিক্ষার্থী রুষিকা মুরাদি।
সম্প্রতি লয়োলা ইউনিভার্সিটি শিকাগোর অত্যন্ত সম্মানজনক ‘কার্ডিও-সার্ফ’ (Cardio-SURPh) গ্রীষ্মকালীন গবেষণা কর্মসূচির জন্য সারা যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত মাত্র পাঁচজন শিক্ষার্থীর মধ্যে তিনি একজন হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন। এই কর্মসূচির মাধ্যমে তিনি অভিজ্ঞ গবেষক ও পেশাদারদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কার্ডিওভাসকুলার বা হৃদরোগ গবেষণায় হাতেকলমে কাজ করার অমূল্য সুযোগ পেয়েছেন।
ভারতের নান্দেড় শহরে বেড়ে ওঠা রুষিকার হৃদরোগ বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি হয়েছিল ছোটবেলাতেই। পরবর্তীতে পরিবারের এক সদস্যের হৃদরোগে ভোগার অভিজ্ঞতা তাঁকে এই জটিল সমস্যা সমাধানের অংশ হতে আরও দৃঢ়প্রতিজ্ঞ করে তোলে। রুষিকা জানান, ঠিক সেই মুহূর্তেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এটি এমন একটি সমস্যা, যার সমাধানে তিনি কাজ করতে চান।
ইউটিএ-তে ভর্তি হওয়ার পর তিনি শ্রেণিকক্ষের বাইরের বিভিন্ন স্বাস্থ্যসেবা ও ইন্টার্নশিপ প্রোগ্রামে যুক্ত হন। লয়োলার গ্রীষ্মকালীন কর্মসূচিতে তিনি হার্ট ফেইলিউরের বিভিন্ন গবেষণা মডেল নিয়ে কাজ করে নিজের প্রায়োগিক দক্ষতা আরও শাণিত করেছেন।
গবেষণার এই যাত্রা রুষিকাকে নিয়ে গেছে বোস্টনের বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। সেখানে তিনি নিজের গবেষণার অভিজ্ঞতার ওপর একটি ‘লাইটনিং টক’ বা সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন। এর পরপরই তিনি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের (এএইচএ) বেসিক কার্ডিওভাসকুলার সায়েন্সেস সায়েন্টিফিক সেশনসে অংশ নিয়ে নিজের গবেষণাপত্রটি পুনরায় উপস্থাপন করার দারুণ এক সুযোগ পান। হার্ভার্ডের ওই সফর এবং বৈজ্ঞানিক সম্মেলনে অংশগ্রহণকে নিজের গ্রীষ্মকালীন অভিজ্ঞতার সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখেন এই অদম্য তরুণী।
নিজের লিংকডইন প্রোফাইলের তথ্য অনুযায়ী, ২০২৪ সাল থেকে ইউটিএ-তে জীববিজ্ঞানে স্নাতক (বিএসসি) করছেন রুষিকা মুরাদি। এর আগে ২০২২ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ভারতের ‘ন্যাশনাল সার্ভিস স্কিম’-এর অধীনে স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প, পরিবেশ পরিচ্ছন্নতা অভিযান ও শিক্ষামূলক কর্মশালার মতো বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমেও যুক্ত ছিলেন তিনি।
আগামী ২০২৮ সালের মে মাসে স্নাতক সম্পন্ন করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া রুষিকা ভবিষ্যতে কার্ডিওভাসকুলার গবেষণায় আরও বেশি সময় দিতে চান। নিজের এই সফল যাত্রায় সার্বিক সহায়তার জন্য ইউটিএ কর্তৃপক্ষ এবং বিশেষ করে অধ্যাপক লরা মাইডলার্জের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।