Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে সংঘর্ষ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পিএম

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে সংঘর্ষ

বিজ্ঞাপন

ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক সংগঠন এবং ২০১৮ সালে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গড়ে ওঠা ‘হলুদ জ্যাকেট’ আন্দোলনের কর্মীদের একত্রিত হয়েছে।

ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভকারীদের কয়েকটি দলের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় মুখোশ ও হুডি পরা বিক্ষোভকারীদের পিছু হটাতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ।

শহরের কেন্দ্রের উত্তর-পূর্বে প্লাস দ্য লা রিপাবলিক চত্বর এবং আশপাশের সড়কগুলোতে বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। এরই মধ্যে কয়েক ডজন মানুষকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

পুলিশ ব্যাপকভাবে স্টান গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। তার ভাষ্য, শান্তিপূর্ণ বিক্ষোভ হিসেবে শুরু হওয়ার কথা থাকলেও সেটি ঠিকমতো শুরুই হতে পারেনি। পুলিশ দ্রুত বিক্ষোভকারীদের আলাদা করে ফেলে এবং কার্যত দুই দিক থেকে পুলিশি অবস্থানের মধ্যে আটকে দেয়। সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়।

দক্ষিণাঞ্চলীয় মার্সেই শহরে বিক্ষোভকারীরা সিটি হলে ঢুকে পড়েন এবং শহরের বাণিজ্যিক এলাকায় দোকানপাটে লুটপাট চালান বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। অন্যদিকে, লিওঁ শহরে স্থানীয় পর্যটন কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

পশ্চিম ফ্রান্সের রেন শহর থেকে আল জাজিরার প্রতিবেদক রোজি বারচার্ড বলেন, ফ্রান্সের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়। দেশটিতে বাজেট নিয়ে আলোচনা চলছে। ক্রমবর্ধমান জাতীয় ঋণ নিয়ন্ত্রণে আনার উপায় খুঁজছে সরকার। একই সঙ্গে আগামী বছর গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শনিবার দুপুর পর্যন্ত দেশজুড়ে ১৪০টি বিক্ষোভ কর্মসূচি হয়েছে। এতে অংশ নিয়েছেন ৩২ হাজার ৮০০ জন। এ পর্যন্ত দেশজুড়ে ২৫০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সূত্র: আল-জাজিরা

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার