Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ফুড রাইডারকে হত্যাচেষ্টা মামলায় ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পিএম

ফুড রাইডারকে হত্যাচেষ্টা মামলায় ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার

বিজ্ঞাপন

খাবার ডেলিভারি দিতে আসা এক চালককে গুলি করে আহত করার অভিযোগে যুক্তরাষ্ট্রের মায়ামিতে গ্রেপ্তার হয়েছেন ফিটনেস ইনফ্লুয়েন্সার খুসলেন খান।

তার প্রকৃত নাম খুসলেন সারুলতুয়া। এ ঘটনায় হত্যাচেষ্টা ও অবৈধ অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগের পাশাপাশি তার বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগও আনা হয়েছে।

গ্রেপ্তারের পর তার অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে কোকেনসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করেছে পুলিশ। তবে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১২ অক্টোবর এ ঘটনা ঘটে। মামলার নথিতে বলা হয়েছে, ওই রাতে মায়ামির একটি অ্যাপার্টমেন্টে খাবার পৌঁছে দিতে যান উবারের এক চালক।

ভবনটির লবিতে খাবার দেওয়ার সময় এক নারীর সঙ্গে তার কথা হয়। ওই নারীর সঙ্গে পরিচিত হওয়ার আগ্রহ প্রকাশ করেন চালক। প্রায় এক ঘণ্টা পর তার সঙ্গে আবার দেখা করা এবং ফোন নম্বর পাওয়ার আশায় ওই অ্যাপার্টমেন্টে ফিরে আসেন তিনি।

তবে ওই নারীর দেখা না পেয়ে ফিরে যাওয়ার সময়ই বিপত্তি ঘটে। অভিযোগ অনুযায়ী, এ সময় খুসলেন সারুলতুয়া বন্দুক তাক করে চালককে মাটিতে শুয়ে পড়তে বলেন। চালকের দাবি, সারুলতুয়ার হাতে তখন একটি সেমি-অটোমেটিক পিস্তল ছিল।

পুলিশের অভিযোগ, চালক মাটিতে শুয়ে পড়ার পর তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন সারুলতুয়া। এতে চালক গুলিবিদ্ধ হন। এরপর বন্দুকের বাট দিয়ে তার মাথায় আঘাত করা হয় এবং তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

আহত অবস্থায় ওই চালক নিজেই গাড়ি চালিয়ে স্থানীয় একটি হাসপাতালে যান। পরে পুলিশ তাকে অভিযুক্তের ছবি দেখালে তিনি সারুলতুয়াকে শনাক্ত করেন। এর ভিত্তিতে তার বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে কোকেন, কেটামিন, সাইলোসাইবিন মাশরুম ও অক্সিকোডোন উদ্ধার করে পুলিশ। এসব মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া গুলি চালিয়ে একজনকে আহত করার ঘটনায় হত্যাচেষ্টা ও অবৈধ অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগেও বিচার মোকাবিলা করছেন এই ফিটনেস ইনফ্লুয়েন্সার।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার