Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

কানাডায় এক্সপ্রেস এন্ট্রিতে বড় পরিবর্তন, বাড়তি সুবিধা পাবেন ভারতীয় পেশাজীবীরা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৭ এএম

কানাডায় এক্সপ্রেস এন্ট্রিতে বড় পরিবর্তন, বাড়তি সুবিধা পাবেন ভারতীয় পেশাজীবীরা

বিজ্ঞাপন

কানাডার নতুন অভিবাসন নিয়মে দেশটিতে কর্মরত দক্ষ ভারতীয় পেশাজীবীরা বড় ধরনের সুবিধা পেতে যাচ্ছেন। এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমে আনা নতুন পরিবর্তনের ফলে এখন থেকে উচ্চ বেতনের পেশায় কানাডীয় কাজের অভিজ্ঞতা এবং জব অফার বা চাকরির প্রস্তাবের ওপর অধিক গুরুত্ব দেওয়া হবে। গত ১৬ অক্টোবর কানাডার ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ (আইআরসিসি) ঘোষিত এই পরিবর্তনগুলো আগামী ৩ নভেম্বর থেকে কার্যকর হবে। দীর্ঘকাল ধরে স্থায়ী বসবাসের (পিআর) আবেদনকারীদের মধ্যে ভারতীয়রাই সংখ্যাগরিষ্ঠ, ফলে নতুন এই নিয়মের অধীনে তাদের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষ করে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং খাতে কানাডায় কাজ করছেন, তারা এই নিয়মে অতিরিক্ত পয়েন্ট পাবেন। অন্যদিকে, কানাডার বাইরে বসবাসকারী যেসব আবেদনকারীর স্থানীয় কাজের অভিজ্ঞতা বা যোগ্য জব অফার নেই, তাদের জন্য প্রতিযোগিতা আরও কঠিন হয়ে উঠবে।

নতুন নিয়মের অধীনে, প্রার্থীরা উচ্চ বেতনের পেশায় যোগ্য কাজের অভিজ্ঞতার জন্য কানাডিয়ান কাজের মেয়াদভিত্তিক পয়েন্টের বাইরেও সর্বোচ্চ ৭০টি অতিরিক্ত পয়েন্ট অর্জন করতে পারবেন। আর একটি উচ্চ বেতনের যোগ্য জব অফার থাকলে মিলতে পারে সর্বোচ্চ ১০০ পয়েন্ট। তবে প্রার্থীরা কেবল যোগ্য কাজের অভিজ্ঞতা অথবা জব অফার—এই দুটির মধ্যে যেটিতে বেশি পয়েন্ট পাবেন, সেটিই তাদের স্কোরে যোগ হবে; একসঙ্গে দুটির পয়েন্ট দাবি করা যাবে না।

কানাডার অভিবাসন মন্ত্রী লেনা মেটলেজ ডিয়াব জানিয়েছেন, কানাডায় সফল হওয়ার জন্য সবচেয়ে যোগ্য দক্ষ নতুনদের বেছে নেওয়া, দেশীয় শ্রমশক্তিকে পরিপূরক করতে সক্ষম কর্মীদের আকৃষ্ট করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করার লক্ষ্যেই এই পরিবর্তনগুলো আনা হয়েছে। স্বাস্থ্যসেবা, ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, শিক্ষা এবং দক্ষ ট্রেডসহ অন্যান্য বেশ কিছু খাতের নির্দিষ্ট পেশাগুলো এই নতুন নিয়মের আওতায় পড়বে। কোনো পেশার জাতীয় মধ্যম মজুরি যদি কানাডিয়ান শ্রমশক্তির মধ্যম মজুরির অন্তত ১.৩ গুণ হয়, তবে সেটি উচ্চ বেতনের পেশা হিসেবে বিবেচিত হবে।

কাজের অভিজ্ঞতার ক্ষেত্রে, যেসব প্রার্থী যোগ্য পেশায় অন্তত ১২ মাস বা ১ হাজার ৫৬০ ঘণ্টা কাজ করেছেন, তারা মজুরির হারের ওপর ভিত্তি করে ২০, ৪০ বা ৭০টি অতিরিক্ত পয়েন্ট পেতে পারেন। যে পেশাগুলোর মধ্যম মজুরি জাতীয় মধ্যম মজুরির অন্তত দ্বিগুণ, সেসব ক্ষেত্রে সর্বোচ্চ বোনাস পয়েন্ট প্রযোজ্য হবে।

এর পাশাপাশি, প্রার্থীরা কানাডায় তাদের দক্ষ কাজের অভিজ্ঞতার মেয়াদের জন্যও পয়েন্ট পাওয়া অব্যাহত রাখবেন। যোগ্য অভিজ্ঞতাসম্পন্ন কোনো প্রার্থীর যদি সঙ্গী বা জীবনসঙ্গী না থাকে, তবে তিনি ৫ বছর বা তার বেশি কাজের জন্য সর্বোচ্চ ৮০ পয়েন্ট এবং সঙ্গী থাকলে সর্বোচ্চ ৭০ পয়েন্ট অর্জন করতে পারবেন।

অন্যদিকে, যোগ্য উচ্চ বেতনের পেশায় জব অফারের ক্ষেত্রে মজুরির স্তরের ওপর নির্ভর করে ৫০, ৭০ বা ১০০ পয়েন্ট যুক্ত হবে। যোগ্য বিবেচিত হওয়ার জন্য চাকরির প্রস্তাবটিকে অবশ্যই বেতনভুক্ত, পূর্ণকালীন এবং দক্ষ পেশায় নিরবচ্ছিন্ন হতে হবে। সেইসঙ্গে প্রার্থীর স্থায়ী বাসিন্দা হওয়ার পর কাজ অন্তত এক বছর চলবে বলে প্রত্যাশিত হতে হবে। অভিবাসন বিভাগ এই অফারের সত্যতা এবং নিয়োগকর্তার প্রতিশ্রুতি পূরণের সক্ষমতা যাচাই করবে।

এই পরিবর্তনের আরেকটি বড় দিক হলো, কমপ্রিহেনসিভ র‍্যাঙ্কিং সিস্টেমের (সিআরএস) অধীনে পয়েন্ট অর্জনের ক্ষেত্রে যোগ্য জব অফারের জন্য এখন থেকে আর লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (LMIA) বা এলএমআইএ-র প্রয়োজন হবে না। সাধারণত বিদেশি কর্মী নিয়োগের ফলে কানাডিয়ান শ্রমবাজারে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না—এটি প্রমাণ করতে নিয়োগকর্তাদের এলএমআইএ সংগ্রহ করতে হয়।

আগামী ৩ নভেম্বর থেকে, যোগ্য জব অফারের জন্য সিআরএস পয়েন্ট পেতে কিংবা কানাডার ফেডারেল স্কিলড ওয়ার্কার প্রোগ্রাম এবং ফেডারেল স্কিলড ট্রেডস প্রোগ্রামের নির্দিষ্ট যোগ্যতা পূরণের জন্য এলএমআইএ নথির আর দরকার হবে না। তবে এর মানে এই নয় যে সব জব অফারই অতিরিক্ত পয়েন্টের যোগ্য হবে; কেবল যোগ্য উচ্চ বেতনের পেশার অফারগুলোই এই নতুন সিআরএস পয়েন্ট পাবে।

ইতিমধ্যে যাদের এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল রয়েছে, নতুন নিয়মের অধীনে তাদের স্কোর স্বয়ংক্রিয়ভাবে পুনরায় হিসাব করা হবে। এই প্রক্রিয়ায় প্রায় দুই সপ্তাহ সময় লাগতে পারে এবং এই সময়ে ইনভাইটেশন রাউন্ড বা আমন্ত্রণ পর্ব স্থগিত থাকার সম্ভাবনা রয়েছে। যেসব প্রার্থী তাদের যোগ্য জব অফারের জন্য পয়েন্ট পেতে আগ্রহী, তাদেরকে আগামী ৩ নভেম্বরের আগেই নিজেদের প্রোফাইলে প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার