Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাসগড়তে যাচ্ছেন মৌলভীবাজারের আনিসা খান

Icon

আজিজুল আম্বিয়া, লন্ডন থেকে

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৯ এএম

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাসগড়তে যাচ্ছেন মৌলভীবাজারের আনিসা খান

বিজ্ঞাপন

যুক্তরাজ্যের ব্যবসা ও টেলিভিশন জগতে সাফল্যের স্বাক্ষর রাখার পর এবার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী আনিসা খান। আসন্ন কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মৌলভীবাজারের এই কৃতী সন্তান। তাঁর এ অসামান্য অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে।

ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইংল্যান্ড নারী কাবাডি দলকে নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করেছেন আনিসা। তাঁর এ সাফল্যে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিসহ বৃহত্তর সিলেটবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।

আনিসা খানের পৈতৃক বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আকুয়া গ্রামে। তাঁর বাবা ইয়াওর খান ১৯৭৩ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখানে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। প্রবাসে বেড়ে উঠলেও আনিসা তাঁর মেধা, পরিশ্রম ও বহুমুখী প্রতিভার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি বংশোদ্ভূতদের জন্য গৌরব বয়ে আনছেন।

ব্যবসা, টেলিভিশন ও ক্রীড়াঙ্গনে বহুমুখী সাফল্য

আনিসা খান লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে উচ্চশিক্ষা অর্জন করেছেন। পেশাগত জীবনে তিনি একজন কনসালট্যান্ট ও সফল উদ্যোক্তা। যুক্তরাজ্যে জনপ্রিয় ফুড ব্র্যান্ড ‘বোম্বে পিৎজা’র প্রতিষ্ঠাতা হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে।

এ ছাড়া বিবিসি ওয়ানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ ফাইনালিস্ট ও রানারআপ হওয়ার মাধ্যমে তিনি ব্রিটিশ দর্শকদের কাছে বিশেষ পরিচিতি লাভ করেন। ব্যবসা ও টেলিভিশন জগতের সাফল্যের পাশাপাশি এবার ক্রীড়াঙ্গনে জাতীয় দলের অধিনায়কত্ব অর্জন তাঁর বহুমুখী প্রতিভার আরেকটি উজ্জ্বল স্বীকৃতি।

২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে আনিসা কাবাডি খেলা শুরু করেন। দীর্ঘদিনের অনুশীলন, অধ্যবসায় ও খেলাটির প্রতি গভীর ভালোবাসার মধ্য দিয়ে তিনি আজ ইংল্যান্ড নারী জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। তাঁর এই অর্জন প্রমাণ করে, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে পেশাগত ব্যস্ততার মধ্যেও স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের অভিনন্দন

ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় আনিসা খানকে অভিনন্দন জানিয়েছেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নেতৃবৃন্দ। এক যৌথ অভিনন্দন বার্তায় তাঁরা বলেন, আনিসা খানের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং সমগ্র বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কমিউনিটি এবং বৃহত্তর সিলেটবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়।

অভিনন্দন বার্তায় স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্যাট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এমবিই, প্যাট্রন ও সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সংগঠনের অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, সাবেক চেয়ারপারসন বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম মাহবুব, সাবেক সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, চিফ কো-অর্ডিনেটর আলহাজ্ব মসুদ আহমদ এবং সাবেক সদস্যসচিব ড. মুজিবুর রহমান।

এ ছাড়া অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নবনির্বাচিত প্রেসিডেন্ট, কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, জেনারেল সেক্রেটারি এম আসরাফ মিয়া, ট্রেজারার মিসেস হেলেন ইসলাম, সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর হারুনুর রশিদ, কো-কনভেনর জামাল হোসেন ও সদস্যসচিব তাজুল ইসলামসহ কেন্দ্রীয় কমিটি, ১০টি রিজিওনাল কমিটি এবং ৮টি শাখা কমিটির নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ তাঁদের অভিনন্দন বার্তায় আনিসা খানের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে তাঁর এই অগ্রযাত্রা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর নেতৃত্বে ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দল আসন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

তাঁরা আরও বলেন, “আনিসা খানকে নিয়ে আমরা গ্রেটার সিলেটবাসী গর্বিত। তাঁর এই অর্জন প্রমাণ করে, প্রবাসে থেকেও বাংলাদেশের সন্তানরা বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতা ও প্রতিভার স্বাক্ষর রাখতে পারেন।”

পরিশেষে, আনিসা খানের আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে তিনি আরও গৌরব বয়ে আনুন, সেই প্রত্যাশা ব্যক্ত করে নেতৃবৃন্দ তাঁর জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার