বিজ্ঞাপন
হেরেছেন ভেবে ডাস্টবিনে ফেললেন ১৪ কোটি টাকার লটারির টিকিট, ৬ টন আবর্জনা ঘেঁটে উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৩ এএম
বিজ্ঞাপন
ইতালির বিতোন্তো শহরে ভুল করে ফেলে দেওয়া দশ লাখ ইউরো পুরস্কারের একটি লটারির টিকিট দুই দিনের অনুসন্ধানে উদ্ধার করেছেন পরিচ্ছন্নতাকর্মীরা। প্রায় ছয় টন আবর্জনার মধ্যে অক্ষত অবস্থায় টিকিটটি পাওয়া যায়। গত ৪ আগস্ট ইতালীয় সংবাদ সংস্থা আনসাকে ঘটনাটি জানান স্থানীয় বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এসএএনবির প্রশাসক রবার্তো নিকোলা তোসকানো।
ঘটনার শুরু একটি দোকানের লটারি পরীক্ষার মেশিনে দেখানো বার্তা থেকে। টিকিটটি স্ক্যান করার পর ‘নন-পেয়েবল’ বা ‘এখানে পরিশোধযোগ্য নয়’ বার্তা দেখে ক্রেতা মনে করেছিলেন, কোনো পুরস্কার জেতেননি। এরপর টিকিটটি দোকানের আবর্জনার পাত্রে ফেলে চলে যান।
আসলে বার্তাটির অর্থ ছিল ভিন্ন। ওই দোকান থেকে ছোট অঙ্কের পুরস্কার পরিশোধ করা গেলেও দশ লাখ ইউরোর মতো বড় পুরস্কারের অর্থ দেওয়া সম্ভব ছিল না। সে কারণেই মেশিনে বার্তাটি দেখানো হয়েছিল।
বাড়িতে ফেরার পর পরিবারের এক সদস্য জানান, নিয়মিত যে নম্বরগুলো দিয়ে তাঁরা লটারি খেলেন, সেগুলোই বিজয়ী হয়েছে। ভুল বুঝতে পেরে পরিবারের সদস্যরা দোকানে ছুটে যান। কিন্তু ততক্ষণে বর্জ্য সংগ্রহের গাড়ি এসে আবর্জনা নিয়ে চলে গেছে।
পরে এসএএনবির সঙ্গে যোগাযোগ করে পরিবারটি। প্রতিষ্ঠানটির কর্মীরা সংশ্লিষ্ট গাড়িটি শনাক্ত করে বর্জ্য প্রক্রিয়াজাত করার আগে আলাদা রাখেন। এরপর শুরু হয় হারানো টিকিটের অনুসন্ধান। দুই দিন খোঁজার পর ভোর সাড়ে পাঁচটার দিকে এক কর্মী টিকিটটি পান। ছেঁড়া একটি ব্যাগের ভেতরে অন্য নষ্ট টিকিটগুলোর সঙ্গে থাকলেও বিজয়ী টিকিটটি অক্ষত ছিল বলে জানান তোসকানো।
পুরস্কারজয়ীর পরিচয় প্রকাশ করা হয়নি। ইউরোনিউজের প্রতিবেদন অনুযায়ী, টিকিট উদ্ধারে বাড়তি যে ব্যয় হয়েছে, তা বহনের বিষয়ে আগেই সম্মতি দিয়েছিলেন তিনি। সেই অনুসন্ধানের খরচ তাঁর কাছ থেকেই নেওয়া হবে বলে জানিয়েছে বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটি।