বিজ্ঞাপন
যে ক্যানসার নিয়ে গবেষণা করতেন, সেই আগ্রাসী ক্যানসারেই প্রাণ গেল ডা. রচনা শ্রফের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পিএম
বিজ্ঞাপন
পরিপাকতন্ত্রের ক্যানসারের চিকিৎসা নিয়ে গবেষণা করা যুক্তরাষ্ট্রের চিকিৎসক ও গবেষক ডা. রচনা শ্রফ নিজেই আগ্রাসী ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। ইউনিভার্সিটি অব অ্যারিজোনা গত ১২ অক্টোবর তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যানসার সেন্টারের ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনসের সহযোগী পরিচালক ছিলেন।
টুডের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মে মাসে শরীরের একটি লিম্ফ নোড ফুলে যাওয়ার পর তাঁর পরীক্ষা করা হয়। প্রথমে চিকিৎসকেরা লিম্ফোমা বা একধরনের র ক্তের ক্যানসার সন্দেহ করেছিলেন। পরবর্তী পরীক্ষায় অ্যাডেনোকারসিনোমা শনাক্ত হয়। মে মাসের শেষ নাগাদ রোগটি শরীরের অন্য অংশেও ছড়িয়ে পড়েছিল। পরীক্ষায় ক্যানসারটি পাকস্থলী বা অন্ত্র থেকে শুরু হয়ে থাকতে পারে বলে ধারণা পাওয়া গেলেও এর উৎপত্তিস্থল নিশ্চিত করা যায়নি।
রচনা শ্রফ বিশেষ করে অগ্ন্যাশয় ও পিত্তনালির ক্যানসার নিয়ে কাজের জন্য পরিচিত ছিলেন। আমেরিকান সোসাইটি অব ক্লিনিক্যাল অনকোলজি তাঁকে এই দুই ধরনের ক্যানসারের অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করেছে। নিজের গবেষণার পাশাপাশি ইউনিভার্সিটি অব অ্যারিজোনায় পরিপাকতন্ত্রের ক্যানসার নিয়ে ক্লিনিক্যাল গবেষণা কার্যক্রম সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, টুসনে বেড়ে ওঠা শ্রফের গবেষণায় আগ্রহ তৈরি হয় স্কুলজীবনেই। ১৯৯৩ সালে হাইস্কুলের শিক্ষার্থী অবস্থায় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যানসার সেন্টারের একটি গবেষণাগারে কাজের সুযোগ পান। ব্রাউন ইউনিভার্সিটি ও থমাস জেফারসন ইউনিভার্সিটিতে পড়াশোনা এবং এমডি অ্যান্ডারসন ক্যানসার সেন্টারে কর্মজীবনের পর ২০১৮ সালে তিনি টুসনে ফিরে আসেন।
কর্মজীবনে তাঁর ৮০টির বেশি গবেষণা প্রকাশনা ছিল। তিনি ইউনিভার্সিটি অব অ্যারিজোনার কলেজ অব মেডিসিনের হেমাটোলজি ও অনকোলজি বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। দুরারোগ্য ক্যানসারের নতুন চিকিৎসা যাচাই এবং রোগীদের ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেওয়ার সুযোগ বাড়ানো ছিল তাঁর কাজের গুরুত্বপূর্ণ অংশ।
নিজের অসুস্থতার মধ্যেও ভবিষ্যৎ গবেষকদের সহায়তায় উদ্যোগ নিয়েছিলেন শ্রফ। সেপ্টেম্বরে পিত্তনালির ক্যানসার নিয়ে কাজ করা নবীন গবেষকদের জন্য তাঁর নামে একটি স্থায়ী গবেষণা পুরস্কার প্রতিষ্ঠার প্রচেষ্টায় নেতৃত্ব দেন তিনি। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, সহকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে এ উদ্যোগে ১৩ লাখ ৫০ হাজার ডলারের বেশি তহবিল সংগ্রহ হয়। তাঁর স্বামী ডা. পুনিত শ্রফ এবং দুই সন্তান সিমরান ও শচিন রয়েছেন।