Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

১ নভেম্বর থেকে ফোনকলে দেখা যাবে নাম ও নম্বর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪২ এএম

১ নভেম্বর থেকে ফোনকলে দেখা যাবে নাম ও নম্বর

বিজ্ঞাপন

ভারতে আগামী ১ নভেম্বর থেকে ফোনকলের ক্ষেত্রে কলার শনাক্তকরণ ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। নতুন এ ব্যবস্থায় অপরিচিত নম্বর থেকে কল এলেও গ্রাহকের মোবাইলের পর্দায় কলারের নাম ও নম্বর দেখা যাবে। ‘কলিং নেম প্রেজেন্টেশন’ (সিএনএপি) নামে এ ব্যবস্থা চালু করতে টেলিকম সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে দেশটির টেলিযোগাযোগ বিভাগ (ডিওটি)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, নতুন এ ব্যবস্থার ফলে অপরিচিত নম্বর থেকে আসা কল শনাক্ত করা সহজ হবে। পাশাপাশি প্রতারণামূলক ফোনকল চিহ্নিত করতেও গ্রাহকরা সুবিধা পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

সিএনএপি হলো ভারতের নিজস্ব কলার শনাক্তকরণ প্রযুক্তি। এ ব্যবস্থায় ৪জি ও ৫জি নেটওয়ার্কে স্বয়ংক্রিয়ভাবে কলারের নাম ও নম্বর দেখানোর ব্যবস্থা চালু হবে। তবে ২জি ও ৩জি নেটওয়ার্ক এবং পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্কে এ পরিষেবা চালুর বিষয়টি পৃথকভাবে বিবেচনা করা হবে।

নতুন ব্যবস্থায় ফোনের কন্ট্যাক্টসে কোনো নম্বর সংরক্ষিত থাকলে সেই নামই পর্দায় দেখা যাবে। নম্বরটি সংরক্ষিত না থাকলে দেশের ভেতর থেকে আসা কলের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেলিকম সংস্থার গ্রাহকতথ্যে নিবন্ধিত নাম দেখানো হবে। তবে বিদেশ থেকে কল এলে পর্দায় শুধু ‘আন্তর্জাতিক কল’ লেখা দেখা যাবে।

এ ব্যবস্থা কার্যকর করতে টেলিকম সংস্থাগুলোকে গ্রাহকদের নাম ও ফোন নম্বরের তথ্য নিয়ে ডেটাবেস তৈরি, পরিচালনা ও নিয়মিত হালনাগাদ করতে হবে। কল গ্রহণকারী টেলিকম সংস্থা ওই ডেটাবেস থেকে কলারের নাম সংগ্রহ করে গ্রাহকের ফোনে দেখাবে।

আরও পড়ুন
গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে ব্যবস্থাটি তৈরির ক্ষেত্রে ‘সিকিউরিটি-বাই-ডিজাইন’ নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। কল শেষ হওয়ার পর কোয়ারি-রেসপন্স পদ্ধতিতে কলারের নাম সংরক্ষণ করা যাবে না।

এ ছাড়া ‘কলিং লাইন আইডেন্টিফিকেশন রেস্ট্রিকশন’ (সিএলআইআর) সুবিধা ব্যবহারকারীদের পরিচয় গোপন রাখা হবে। অর্থাৎ, এ সুবিধা নেওয়া গ্রাহকদের নাম কল গ্রহণকারীর পর্দায় দেখানো হবে না।

ব্যবসায়িক প্রতিষ্ঠান ও একাধিক মোবাইল সংযোগ ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে নিবন্ধিত নামের পরিবর্তে পছন্দের নাম দেখানোর সুযোগও দিতে পারে টেলিকম সংস্থাগুলো। তবে সেই নাম ট্রেডমার্ক রেজিস্ট্রিতে নিবন্ধিত ট্রেডমার্ক অথবা পণ্য ও পরিষেবা কর (জিএসটি) পোর্টালে নথিভুক্ত ব্যবসায়িক নাম হতে হবে। এ ক্ষেত্রে নামের সত্যতা ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই করতে হবে সংশ্লিষ্ট টেলিকম সংস্থাকে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার