Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

অটোমেশনের পথে মার্কিন সুপারমার্কেট চেইন ক্রোগার; চাকরি হারাচ্ছেন ৩ হাজার কর্পোরেট কর্মী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০১:২৯ এএম

অটোমেশনের পথে মার্কিন সুপারমার্কেট চেইন ক্রোগার; চাকরি হারাচ্ছেন ৩ হাজার কর্পোরেট কর্মী

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সুপারমার্কেট চেইন ক্রোগার আগামী তিন বছরে তিন হাজার করপোরেট কর্মী ছাঁটাই করার পরিকল্পনা ঘোষণা করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়িয়ে বিভিন্ন কাজ স্বয়ংক্রিয় করা এবং একই ধরনের কাজের পুনরাবৃত্তি কমানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার (১৪ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম এএল ডটকম ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটিভিত্তিক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রেগ ফোরান কর্মীদের পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় ছাঁটাইয়ের পরিকল্পনার কথা জানান। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রযুক্তির অগ্রগতি সুপারমার্কেট ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরি করছে। বিভিন্ন শিল্পে কাজের ধরন বদলে যাচ্ছে এবং সেই পরিবর্তনের সঙ্গে প্রতিষ্ঠানকেও মানিয়ে নিতে হবে।

ফোরান জানান, নতুন প্রযুক্তিগত সক্ষমতা গ্রহণ, একই ধরনের কাজের পুনরাবৃত্তি কমানো এবং কোন কাজ কোথায় সবচেয়ে কার্যকরভাবে সম্পন্ন করা যায়, তা পুনর্বিবেচনা করবে ক্রোগার। এই পরিবর্তনের অংশ হিসেবেই করপোরেট পর্যায়ে কর্মী কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, ছাঁটাইয়ের আওতায় পড়বেন ওহাইওতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে থাকা করপোরেট অফিসগুলোর কর্মীরা। তবে কোন অফিস থেকে কতজন কর্মী ছাঁটাই করা হবে কিংবা কোন বিভাগ সবচেয়ে বেশি প্রভাবিত হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

কর্মীদের উদ্দেশে পাঠানো বার্তায় ক্রোগারের প্রধান নির্বাহী কর্মকর্তা স্বীকার করেছেন, কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। তবে প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি ভবিষ্যতের কথা বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রজুড়ে ক্রোগারের বিভিন্ন ব্র্যান্ডের অধীনে দুই হাজার ৭০০টির বেশি সুপারমার্কেট রয়েছে। এসব ব্র্যান্ডের মধ্যে রয়েছে রালফস, কিং সুপার্স, স্মিথস ও ফ্রেড মেয়ার। প্রতিষ্ঠানটিতে চার লাখ নয় হাজারের বেশি কর্মী রয়েছেন।

তবে ঘোষিত তিন হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত মূলত করপোরেট অফিসগুলোর জন্য। প্রকাশিত প্রতিবেদনে সুপারমার্কেটে কর্মরত কর্মীদের একইভাবে ছাঁটাই করার কোনো ঘোষণা দেওয়া হয়নি।

আগামী তিন বছরে ধাপে ধাপে এই কর্মী ছাঁটাই কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে ক্রোগারের। তবে প্রথম পর্যায়ে কতজন কর্মী চাকরি হারাবেন কিংবা ছাঁটাইয়ের নির্দিষ্ট সময়সূচি কী হবে, তা জানানো হয়নি।

ক্রোগারের এই সিদ্ধান্ত এমন সময় সামনে এসেছে, যখন প্রতিষ্ঠানটি এআই ও স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে কাজের পদ্ধতিতে পরিবর্তন আনতে চাইছে। প্রধান নির্বাহীর বক্তব্য অনুযায়ী, প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং করপোরেট কার্যক্রম আরও কার্যকর করাই এই পুনর্গঠনের উদ্দেশ্য।

সূত্র: এএল ডটকম

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার