বিজ্ঞাপন
নিউইয়র্কে ৩ নভেম্বর ভোট, নতুন ভোটারদের নিবন্ধন করতে হবে ২৪ অক্টোবরের মধ্যে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পিএম
বিজ্ঞাপন
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে ইচ্ছুক নতুন যোগ্য নাগরিকদের জন্য ভোটার নিবন্ধনের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২৪ অক্টোবর। নির্ধারিত এই সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন না করলে আসন্ন নির্বাচনে ভোটদানের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন নাগরিকেরা। তাই ভোটারদের দ্রুত নিজেদের নিবন্ধনের বর্তমান অবস্থা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্বাচন কর্তৃপক্ষের পক্ষ থেকে জোরালো পরামর্শ দেওয়া হয়েছে।
নিউইয়র্কে ভোটার নিবন্ধনের প্রক্রিয়াটি নাগরিকদের সুবিধার্থে বেশ সহজ ও বহুমুখী করা হয়েছে। আগ্রহীরা চাইলে অনলাইনে, সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন। অনলাইনে নিবন্ধনের জন্য নিউইয়র্ক স্টেটের ভোটার নিবন্ধন পোর্টাল বা ডিএমভি (DMV) ওয়েবসাইট ব্যবহার করা যাবে।
এই ক্ষেত্রে আবেদনকারীর একটি 'এনওয়াই.গভ' (NY.Gov) আইডির প্রয়োজন হবে। আগে থেকে অ্যাকাউন্ট থাকলে সেটি দিয়ে, অন্যথায় নতুন অ্যাকাউন্ট তৈরি করে সহজেই নিবন্ধন সম্পন্ন করা সম্ভব। যারা সরাসরি নিবন্ধন করতে চান, তারা নিজ কাউন্টির বোর্ড অব ইলেকশনস অফিস, অনুমোদিত সরকারি সংস্থার নিবন্ধন কেন্দ্র বা ডিপার্টমেন্ট অব মোটর ভেহিকলসের (DMV) মাধ্যমে এই কাজ করতে পারবেন।
অন্যদিকে ডাকযোগে আবেদনের ক্ষেত্রে ফর্মটি পূরণ করে, স্বাক্ষর ও তারিখ দিয়ে সংশ্লিষ্ট কাউন্টির নির্বাচন অফিসে পাঠাতে হবে। মনে রাখতে হবে, ডাকযোগে পাঠানো আবেদনও অবশ্যই ২৪ অক্টোবরের মধ্যে নির্বাচন কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে হবে।
ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার জন্য বেশ কিছু যোগ্যতার শর্তাবলি পূরণ করা বাধ্যতামূলক। আবেদনকারীকে অবশ্যই যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে এবং নির্বাচনের দিন তার বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। পাশাপাশি নির্বাচনের আগে নিউইয়র্ক অঙ্গরাজ্য ও সংশ্লিষ্ট এলাকায় অন্তত ৩০ দিন বসবাসের প্রমাণ থাকতে হবে। তবে ১৬ ও ১৭ বছর বয়সীরা আগাম নিবন্ধনের সুযোগ পেলেও ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।
পরিচয়ের প্রমাণ হিসেবে নিউইয়র্কের ড্রাইভিং লাইসেন্স বা নন-ড্রাইভার আইডি নম্বর, অথবা সামাজিক নিরাপত্তা নম্বরের (SSN) শেষ চারটি সংখ্যা ব্যবহার করা যাবে। বাংলাভাষী প্রবাসীদের সুবিধার্থে নিউইয়র্ক স্টেট বোর্ড অব ইলেকশনসের ওয়েবসাইটে বাংলা ভাষায় ভোটার নিবন্ধন ফর্ম যুক্ত করা হয়েছে, যা প্রিন্ট করে সহজেই পূরণ করে জমা দেওয়া সম্ভব। স্প্যানিশ, চীনা ও উর্দুর পাশাপাশি এটি অভিবাসীদের জন্য একটি বড় সুবিধা।
নিবন্ধনের সময় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার বাধ্যবাধকতা নেই, তবে নিউইয়র্কে সাধারণত কোনো দলের প্রাইমারি নির্বাচনে অংশ নিতে চাইলে নির্দিষ্ট দলের সদস্য হিসেবে নিবন্ধিত হতে হয়। নিউইয়র্ক সিটি বোর্ড অব ইলেকশনসের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ দিন ১৯ অক্টোবর।
ভোটার নিবন্ধন ও এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে নিউইয়র্ক স্টেট বোর্ড অব ইলেকশনসের ওয়েবসাইট (elections.ny.gov/register-vote) এবং যুক্তরাষ্ট্র সরকারের অফিশিয়াল ওয়েবসাইট (vote.gov) পরিদর্শনের আহ্বান জানানো হয়েছে। যোগ্য নাগরিকদের নিজেদের তথ্য যাচাই করে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়ার এখনই উপযুক্ত সময়।