বিজ্ঞাপন
আমেরিকায় বিনামূল্যে খাবার দরকার? কাছের ফুড প্যান্ট্রি খুঁজবেন যেভাবে, জেনে নিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পিএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে আর্থিক সংকটে খাবারের খরচ মেটাতে অসুবিধায় পড়লে স্থানীয় ফুড প্যান্ট্রি বা খাবার বিতরণ কর্মসূচির সহায়তা নেওয়া যায়। নিজের জিপ কোড দিয়ে ফিডিং আমেরিকার মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার ফুড ব্যাংক খোঁজা যায়। এ ছাড়া ২১১ নম্বরে ফোন করেও কাছাকাছি খাবারের সহায়তা সম্পর্কে জানা সম্ভব। তবে কোথায় সরাসরি খাবার দেওয়া হয় এবং যাওয়ার আগে কী প্রস্তুতি দরকার, তা নিশ্চিত করে নেওয়া জরুরি।
ফুড ব্যাংক ও ফুড প্যান্ট্রির কাজের মধ্যে পার্থক্য রয়েছে। ফিডিং আমেরিকার ব্যাখ্যা অনুযায়ী, ফুড ব্যাংক মূলত খাবার সংগ্রহ ও সংরক্ষণ করে। আর ফুড প্যান্ট্রি সেই খাবার সরাসরি মানুষের হাতে পৌঁছে দেয়। তাই ফুড ব্যাংকের ঠিকানা পেলেই সেখানে সরাসরি খাবার সংগ্রহ করা যাবে, এমন ধরে নেওয়া ঠিক হবে না।
কাছাকাছি সহায়তা খুঁজতে গুগলে ‘Feeding America’ লিখে সংস্থাটির ওয়েবসাইটে যেতে পারেন। সেখানে ‘Find Your Local Food Bank’ অংশে নিজের জিপ কোড দিলে সংশ্লিষ্ট এলাকার ফুড ব্যাংকের তথ্য পাওয়া যাবে। এরপর ওই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে সহযোগী ফুড প্যান্ট্রি, খাবার বিতরণের স্থান ও সময় জেনে নিতে হবে।
ফোনে তথ্য পেতে মোবাইল বা ল্যান্ডলাইন থেকে ২১১ নম্বরে কল করা যায়। ইউনাইটেড ওয়ে ২১১ জানিয়েছে, তাদের স্থানীয় প্রতিনিধিরা এলাকার ফুড প্যান্ট্রি, খাবার পৌঁছে দেওয়ার সেবা এবং খাবারের খরচে সহায়তাকারী কর্মসূচির তথ্য দিতে পারেন। নিজের অবস্থান ও কী ধরনের সহায়তা দরকার, তা জানালে প্রাসঙ্গিক সেবার খোঁজ পাওয়া সহজ হয়।
গুগল বা গুগল ম্যাপসে ‘Free Food Pantry Near Me’ কিংবা ‘Food Bank Near Me’ লিখেও প্রাথমিক খোঁজ নেওয়া যায়। তবে শুধু সার্চে দেখানো সময়ের ওপর নির্ভর না করে যাওয়ার আগে প্রতিষ্ঠানটিতে ফোন করুন। সেদিন খাবার বিতরণ হবে কি না, আগে রেজিস্ট্রেশন বা অ্যাপয়েন্টমেন্ট লাগবে কি না এবং সঙ্গে কোনো কাগজপত্র নিতে হবে কি না, তা জেনে নিন।
ফিডিং আমেরিকা জানিয়েছে, খাবারের খরচ মেটাতে বাড়তি সহায়তা প্রয়োজন হলে ফুড প্যান্ট্রি বা খাবার কর্মসূচিতে যাওয়া যায়। তবে কিছু কর্মসূচিতে নির্দিষ্ট এলাকার বাসিন্দা হওয়ার শর্ত থাকতে পারে। প্রথমবার গেলে পরিবারের প্রয়োজন সম্পর্কে প্রশ্ন করা বা ফরম পূরণ করতে বলা হতে পারে। তাই নিজের জিপ কোড, ঠিকানা ও পরিবারের সদস্যসংখ্যার তথ্য প্রস্তুত রাখুন এবং সংশ্লিষ্ট কেন্দ্রের নিয়ম আগে জেনে নিন।
খাবারের সহায়তা খুঁজতে ইউএসডিএ ন্যাশনাল হাঙ্গার হটলাইনের ১-৮৬৬-৩৪৮-৬৪৭৯ নম্বরেও ফোন করা যায়। ইউএসডিএর তথ্য অনুযায়ী, এই হটলাইনের প্রতিনিধিরা কলকারীর অবস্থানের কাছাকাছি খাবার বিতরণকেন্দ্র, ফুড ব্যাংক ও অন্যান্য সামাজিক সেবার খোঁজ পেতে সহায়তা করেন।