বিজ্ঞাপন
হুতিদের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তাব ইসরায়েলের, কী বলছে সৌদি?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পিএম
বিজ্ঞাপন
ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযানে যোগ দেওয়ার জন্য সৌদি আরবকে প্রস্তাব দিয়েছিল ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দেওয়া সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদসংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে নাম প্রকাশ না করার শর্তে এক কূটনৈতিক সূত্র বলেছে, ইসরায়েলের সামরিক সহায়তা নিতে আগ্রহী নন সৌদি যুবরাজ। ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা শুরু করলে সৌদি জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে বলেও তিনি আশঙ্কা করছেন।
বর্তমানে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।
ফিলিস্তিন সমস্যার সমাধান ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে রাজি নয় রিয়াদ। এ অবস্থায় সৌদি আরবের সঙ্গে সামরিক সহযোগিতা গড়ে তুলতে আগ্রহী ইসরায়েল। সংশ্লিষ্ট একটি সূত্র মনে করছে, এমন সহযোগিতা দুই পক্ষের সম্পর্ক জোরদার করতে পারে এবং ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার পথ তৈরি করতে পারে।
সৌদির অবস্থান অনুযায়ী, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসহ ফিলিস্তিনিদের অধিকারসংক্রান্ত সমস্যার সমাধান সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শর্ত।
এ কারণে হুতিদের বিরুদ্ধে সামরিক সহযোগিতার প্রস্তাব প্রত্যাখ্যানের ঘটনা সৌদি আরব ও ইসরায়েলের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
সম্প্রতি সৌদি আরবে হুতিদের হামলা বাড়ছে। দেশটির বিভিন্ন বিমানবন্দরে বারবার হামলার কারণে হতাহতের ঘটনা ঘটেছে এবং প্লেন চলাচল ব্যাহত হয়েছে। গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত হন। আহত হন তিন শতাধিক মানুষ।
পরদিন একই বিমানবন্দরে আবারও হামলা হয়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই হামলায় পাকিস্তানের একজন প্রবাসী নিহত হন এবং আরো ১১ জন আহত হন।