বিজ্ঞাপন
ব্যাংক অব আমেরিকাকে ১২০ কোটি ডলার জরিমানা, ট্রেজারি বিভাগের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৯ এএম
বিজ্ঞাপন
অর্থপাচার প্রতিরোধ এবং নিষেধাজ্ঞার আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক 'ব্যাংক অব আমেরিকা'কে ১২০ কোটি বা ১ দশমিক ২ বিলিয়ন ডলার জরিমানা করেছে মার্কিন ট্রেজারি বা অর্থ বিভাগ। ট্রেজারি বিভাগের ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ জরিমানার ঘটনা।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে জানান, এত বড় একটি ব্যাংক যখন অর্থপাচার প্রতিরোধ ও নিষেধাজ্ঞার বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়, তখন এর নেতিবাচক প্রভাব বহুদূর পর্যন্ত গড়ায় এবং তা সমগ্র মার্কিন আর্থিক ব্যবস্থাকে অবৈধ অর্থায়নের বড় ধরনের ঝুঁকির মুখে ফেলে দেয়। এই পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট একটি বার্তা দেওয়া হয়েছে যে, যত বড় আর্থিক প্রতিষ্ঠানই হোক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়।
ট্রেজারি বিভাগের ফিন্যান্সিয়াল ক্রাইম এনফোর্সমেন্ট নেটওয়ার্ক (ফিনসেন) জানিয়েছে, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অগ্রাধিকারপ্রাপ্ত ঝুঁকিগুলো—বিশেষ করে চীনা মানি লন্ডারিং নেটওয়ার্ক ও দক্ষিণ-পশ্চিম সীমান্তের অবৈধ অর্থায়নের তথ্য জানাতে এবং তা প্রশমনে ব্যর্থ হওয়ার কারণে ব্যাংকটিকে এই বিপুল অঙ্কের জরিমানা করা হয়েছে। জরিমানার এই অর্থের মধ্যে ৭৫ কোটি ডলার পাবে ইউএস অফিস অব দ্য কম্পট্রোলার অব দ্য কারেন্সি (ওসিসি), যা কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রক সংস্থাটির ইতিহাসে আরোপিত সর্বোচ্চ জরিমানার রেকর্ড।
এছাড়া ইরান, রাশিয়া, মাদক চোরাচালান ও বৈশ্বিক সন্ত্রাসবাদ সম্পর্কিত বিভিন্ন নিষেধাজ্ঞা কর্মসূচি লঙ্ঘনের দায়ে ট্রেজারি বিভাগের 'অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল'-এর সঙ্গে ১ কোটি ১৬ লাখ ডলারের একটি মীমাংসাতেও পৌঁছেছে ব্যাংক অব আমেরিকা। ট্রেজারি বিভাগ জানিয়েছে, সরকার যেন অর্থপাচার শনাক্ত ও প্রতিরোধ করতে পারে সেজন্য প্রণীত ১৯৭০ সালের 'ব্যাংক সিক্রেসি অ্যাক্ট' ইচ্ছাকৃতভাবে লঙ্ঘনের বিষয়টি ব্যাংক অব আমেরিকা স্বীকার করেছে।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে ব্যাংক অব আমেরিকা জানিয়েছে, আর্থিক অপরাধের ক্ষেত্রে নিয়মকানুন মেনে চলার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা এটি সঠিকভাবে পালনে দায়বদ্ধ। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনার পর আর্থিক অপরাধ মোকাবিলায় তারা ইতোমধ্যে প্রযুক্তির পেছনে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং হাজার হাজার নিবেদিত কর্মী নিয়োগ দিয়েছে।
উল্লেখ্য, ট্রেজারি বিভাগের ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ জরিমানা। এর আগে ভার্চুয়াল মুদ্রা শিল্পে মানি লন্ডারিং রোধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ২০২৩ সালে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বিন্যান্সকে প্রায় ৪০০ কোটি ডলার এবং পরের বছর কানাডাভিত্তিক টিডি ব্যাংককে প্রায় ৩০০ কোটি ডলার জরিমানা করা হয়েছিল।
ওই ঘটনার কয়েক মাস পর প্ল্যাটফর্ম ব্যবহার করে শিশু যৌন নির্যাতন, মাদক পাচার ও সন্ত্রাসবাদের অর্থায়নের সুযোগ করে দেওয়ার অভিযোগে বিন্যান্সের প্রতিষ্ঠাতা ও সিইও চ্যাংপেং ঝাওকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়।