বিজ্ঞাপন
বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছিল, এর মধ্যেই স্ত্রী-কন্যাকে গুলি করে হ ত্যা সাবেক পুলিশ কর্মকর্তার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৮ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোর সাবেক ডেপুটি পুলিশ চিফ অ্যান ম্যানিক্স (৬৫) এবং তার ২৪ বছর বয়সী মেয়ে কেটি ম্যানিক্সকে গুলি করে হত্যা করেছেন অ্যানের স্বামী এবং সাবেক পুলিশ সার্জেন্ট কেভিন ম্যানিক্স (৬৮)। পরে তিনি নিজেও আত্মহত্যা করেন। গত রোববার রাতে মেরিন কাউন্টির একটি অভিজাত এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। মর্মান্তিক এই ঘটনার পর পরিবারের পক্ষ থেকে শোক এবং ক্ষোভ প্রকাশ করে নতুন কিছু তথ্য সামনে আনা হয়েছে।
অ্যান ম্যানিক্সের ভাতিজা ব্রেন্ডান ম্যানিক্স ফেসবুকে এক আবেগঘন পোস্টে তার খালা ও কাজিনকে স্মরণ করেন। তিনি তার খালা অ্যান ম্যানিক্সকে স্যান ফ্রান্সিসকো পুলিশ ডিপার্টমেন্টের (SFPD) একজন 'পথপ্রদর্শক' হিসেবে উল্লেখ করেন, যিনি বিভাগের অন্যান্য নারীদের এগিয়ে যেতে সাহায্য করেছিলেন।
ব্রেন্ডান তার কাজিন কেটিকে একজন উচ্চাকাঙ্ক্ষী নার্স হিসেবে স্মরণ করেন, যিনি সর্বদা প্রিয়জনদের উৎসাহ দিতেন। একইসঙ্গে তিনি তার খালু কেভিন ম্যানিক্সের এই 'অর্থহীন সহিংস কাজের' তীব্র সমালোচনা করেন, যা তাদের পুরো পরিবারকে তছনছ করে দিয়েছে।
স্যান ফ্রান্সিসকো পুলিশ ডিপার্টমেন্ট (SFPD) এবং মেরিন কাউন্টি শেরিফ অফিস এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, রোববার বিকেল ৫টার পর জরুরি কলে খবর পেয়ে তারা স্ট্রবেরি সার্কেল এলাকার একটি বাড়িতে পৌঁছায় এবং তিনটি মরদেহ উদ্ধার করে। তবে কমিউনিটির জন্য কোনো হুমকি নেই বলে জানানো হয়েছে।
অ্যান ম্যানিক্স ২০১৮ সালে ফিল্ড অপারেশনস ব্যুরোর ডেপুটি চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৯ সালে স্পেশাল অপারেশনস ব্যুরোর দায়িত্ব পান। তিনি এসএফপিডি-র সোয়াট (SWAT) টিমে কাজ করা প্রথম নারী ছিলেন। অপরদিকে, কেভিন ম্যানিক্স ২৭ বছর দায়িত্ব পালনের পর ২০১৮ সালে অবসর গ্রহণ করেন। পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, অ্যান এবং কেভিনের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না এবং সম্প্রতি তাদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়াও চলছিল। তবে পরিস্থিতি এতটা ভয়ানক রূপ নিতে পারে, তা কেউ ধারণাও করতে পারেননি।