বিজ্ঞাপন
বাঘের খাঁচায় ঢুকে সেলফি তুলতে গিয়ে মৃ ত্যু, প্রকাশ্যে তরুণের শেষ ভিডিও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৬ এএম
বিজ্ঞাপন
যুক্তরাজ্যের ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে বাঘের খাঁচায় ঢুকে মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন উইলিয়াম চ্যাপম্যান নামের এক তরুণ। গত শনিবার ঘটা এই ঘটনার ঠিক আগমুহূর্তের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যা মৃত্যুর কিছুক্ষণ আগে ওই তরুণ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন। ভিডিওতে দেখা যায়, ৪২০ পাউন্ড ওজনের 'আলতাই' নামের একটি সাইবেরিয়ান বাঘের দিকে তিনি অত্যন্ত শান্তভাবে এগিয়ে যাচ্ছেন। এ সময় খাঁচার বাইরে থাকা দর্শনার্থীদের আতঙ্কে চিৎকার করতে শোনা যায়।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা অন্যান্য ভিডিওতে দেখা যায়, বাঘটি যখন তাকে আক্রমণ করছে, তখনও চ্যাপম্যান অদ্ভুত আচরণ করছিলেন। আক্রমণের এক পর্যায়ে তিনি বাঘটির দিকে আঙুল তুলে বকা দেওয়ার ভঙ্গিতে 'দুষ্টুমি কোরো না' বলে নির্দেশ দেন! দর্শনার্থীদের মতে, ওই মুহূর্তে চ্যাপম্যানকে দেখে মনে হচ্ছিল তিনি বাস্তব জগত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।
পুলিশ তাকে ২০-এর কোঠায় থাকা একজন 'মানসিকভাবে সংবেদনশীল' বা ভালনারেবল তরুণ হিসেবে উল্লেখ করেছে। এর আগেও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অদ্ভুত সব ছবি দেখা গেছে, যার একটিতে তিনি হাতে বাইবেল এবং মুখে তিরসহ একটি ক্রসবো ধরে ছিলেন।
ভয়ংকর এই ঘটনার আগে পার্কে তাকে বেশ আনন্দিত অবস্থায় নাচতে দেখা যায়। এমনকি তিনি ডেল টেইলর নামের এক অপরিচিত দর্শনার্থীকে বাঘটিকে পেছনে রেখে তার কয়েকটি ছবি তুলে দেওয়ার অনুরোধও করেছিলেন। ডনকাস্টার শহরের বাসিন্দা এই তরুণ একাই ওই পার্কে ঘুরতে এসেছিলেন বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে তিনি নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বাঘের খাঁচায় ঢুকে পড়েছিলেন, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
বাঘের আক্রমণ থেকে চ্যাপম্যানকে বাঁচাতে পার্কের কর্মীরা শটগান দিয়ে দুটি সতর্কতামূলক গুলি ছোড়েন। এতে বাঘটি পিছু হটে নিজের ডেরায় ফিরে গেলেও চ্যাপম্যানকে বাঁচানো সম্ভব হয়নি; ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। রোববার পার্কটি দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছিল। ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, 'আলতাই' নামের বাঘটি সুস্থ ও নিরাপদ রয়েছে এবং এই ঘটনার জেরে সেটিকে ইউথেনাইজ (ঘুম পাড়িয়ে হত্যা) করা হবে না।