Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৭ এএম

তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

বিজ্ঞাপন

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইত লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। অন্যদিকে, এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এ নিয়ে রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবরও প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সোমবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, রিয়াদের দিকে একটি এবং খামিস মুশাইতের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। জোটের দাবি, তিনটি ক্ষেপণাস্ত্রই প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে রিয়াদের বাসিন্দারা একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন। এর কিছুক্ষণ আগে তাঁদের মুঠোফোনে আকাশপথে হামলার আশঙ্কা জানিয়ে সতর্কবার্তা পাঠানো হয়।

এদিকে ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বিভিন্ন জনবহুল এলাকার নিয়ন্ত্রণে থাকা হুতিরা জানিয়েছে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ছিল তাদের হামলার অন্যতম লক্ষ্যবস্তু।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির দাবি, ইয়েমেন সীমান্তের কাছে খামিস মুশাইতের একটি সামরিক বিমানঘাঁটিতেও ড্রোন হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সৌদি আরবের মক্কা ও মদিনা ছাড়া অন্যান্য শহরের বিমানবন্দর ব্যবহার না করতে আন্তর্জাতিক বিমান সংস্থা ও যাত্রীদের সতর্ক করেছেন তিনি। তার দাবি, এসব বিমানবন্দর এখন নিরাপদ নয়।

এর আগে শনিবার হুতিদের হামলায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। এরপর থেকেই বিমানবন্দরটি বন্ধ রয়েছে। রোববারের আরেকটি হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে। এ কারণে বিভিন্ন বিমান সংস্থা তাদের ফ্লাইট বাতিল করেছে। সৌদি আরবের তেল স্থাপনাগুলোতেও হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার