বিজ্ঞাপন
ঘূর্ণিঝড়ের প্রভাবে যুক্তরাজ্যে হঠাৎ তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪১ এএম
বিজ্ঞাপন
তীব্র ঠান্ডার রেশ কাটতে না কাটতেই চলতি সপ্তাহে যুক্তরাজ্যে হঠাৎ তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। হাজার মাইল দূরের একটি সাবেক হারিকেনের প্রভাবেই মূলত দেশটিতে এই অস্বাভাবিক উষ্ণ আবহাওয়া তৈরি হচ্ছে।
পূর্বাভাস অনুযায়ী, ইংল্যান্ডের বেশ কিছু এলাকায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে ২৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। তবে এই উষ্ণতার মধ্যেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানায়, যুক্তরাজ্য ও আইসল্যান্ডের মধ্যবর্তী অঞ্চলে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যার সাথে যুক্ত রয়েছে দুর্বল হয়ে যাওয়া হারিকেন ইসাইয়াস।
ক্যাটাগরি-২ মাত্রার এই ঝড়টি আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও অ্যালাবামায় আঘাত হানে এবং সেখানে গাছপালা ভেঙে পড়ে দুজনের মৃত্যু হয়। পরবর্তীতে স্থলভাগে শক্তি হারিয়ে নিম্নচাপে রূপ নিয়ে এটি আটলান্টিক মহাসাগরের দিকে অগ্রসর হয়।
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় ইস্ট অ্যাংলিয়ায় দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২৩ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে। এছাড়া রাতের তাপমাত্রাও প্রায় ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে অক্টোবর মাসের রেকর্ড ভাঙার উপক্রম হতে পারে। তবে এই উষ্ণতার কারণে খরাকবলিত এলাকাগুলোতে স্বস্তি মিলবে না, কারণ বৃষ্টির পরিমাণ খরা কাটাতে যথেষ্ট হবে না।
মেট অফিসের কর্মকর্তা গ্রাহাম ম্যাজ জানান, প্রশান্ত মহাসাগরে শক্তিশালী হয়ে ওঠা এল নিনো বৈশ্বিক বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন আনছে এবং সামগ্রিক তাপমাত্রা বাড়িয়ে তুলছে। শুক্রবারের পর থেকে একটি উচ্চচাপ বলয় তৈরি হওয়ায় দেশটির তাপমাত্রা আবারও স্বাভাবিক অবস্থায় নেমে আসবে।