Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

দুইবার চাকরি হারানো জিশানের রেস্তোরাঁয় এখন মাসে বিক্রি প্রায় দেড় লাখ ডলার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পিএম

দুইবার চাকরি হারানো জিশানের রেস্তোরাঁয় এখন মাসে বিক্রি প্রায় দেড় লাখ ডলার

বিজ্ঞাপন

দুইবার করপোরেট চাকরি হারানোর পর রান্নার প্রতি ভালোবাসাকেই পেশায় রূপ দিয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন উদ্যোক্তা জিশান বাখরানি। নিউইয়র্কের ম্যানহাটনে তাঁর গড়ে তোলা ‘নিশান’ রেস্তোরাঁয় এক মাসে সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার ডলারের বিক্রি হয়েছে। তবে এই অর্থ রেস্তোরাঁর মোট বিক্রি, তাঁর ব্যক্তিগত আয় বা নিট মুনাফা নয়।

সিএনবিসি মেক ইটের ১০ এপ্রিল প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৩৪ বছর বয়সী জিশান প্রায় এক দশক প্রোডাক্ট ম্যানেজমেন্টের কাজে ছিলেন। ২০২৫ সালের আগস্টে নিজের সঞ্চয় থেকে ৭০ হাজার ডলার বিনিয়োগ করে ম্যানহাটনে রেস্তোরাঁটি চালু করেন তিনি। জায়গার রেন্ট, সরঞ্জাম ও সাজসজ্জায় এই অর্থ ব্যয় হয়।

তাঁর খাবারের ব্যবসার শুরু অবশ্য স্থায়ী রেস্তোরাঁ খোলার আগেই। ২০২৩ সালে প্রথমবার চাকরি হারানোর পর ডালাস ও শিকাগোতে অস্থায়ী খাবারের স্টল চালু করেন জিশান। পরে আবার চাকরি পেলেও রান্না ও খাবার বিক্রির উদ্যোগটি চালিয়ে যান। এভাবেই করপোরেট কাজের পাশাপাশি নিজের ব্যবসার ভিত্তি তৈরি করতে থাকেন।

শিকাগোর ডেভন এলাকায় বেড়ে ওঠা জিশানের রান্নায় বিভিন্ন সংস্কৃতির প্রভাব রয়েছে। ছোটবেলা থেকে ভারতীয়, পাকিস্তানি, মেক্সিকান ও পূর্ব ইউরোপীয় খাবারের সঙ্গে পরিচিত হন তিনি। মায়ের রান্নায় নতুন স্বাদ নিয়ে পরীক্ষা করার অভ্যাসও তাঁকে প্রভাবিত করে। কৈশোরে টেলিভিশনের রান্নার অনুষ্ঠান দেখে খাবার বানানোর সময় তাতে জিরা, ধনে ও মরিচের মতো পরিচিত মসলা যোগ করতেন।

নিশানের খাবারেও সেই মিশ্রণ দেখা যায়। পাকিস্তানি স্বাদের সঙ্গে আমেরিকান স্ট্রিট ফুড মিলিয়ে সাজানো হয়েছে মেনু। এর মধ্যে রয়েছে পাকিস্তানি চপড চিজ স্যান্ডউইচ, বিহারি ধাঁচের বারবাকোয়া টাকোস এবং বাফেলো তন্দুরি চিকেন স্যান্ডউইচ।

ব্যবসার পথে বড় উৎসাহ আসে ফুড নেটওয়ার্কের ‘দ্য গ্রেট ফুড ট্রাক রেস’ প্রতিযোগিতা থেকে। অনুষ্ঠানটির ১৮তম আসরে নিশান দল জয়ী হয়ে ৫০ হাজার ডলার পুরস্কার পায়। এই সাফল্য জিশানকে স্থায়ী রেস্তোরাঁ গড়ার আত্মবিশ্বাস দেয়।

২০২৫ সালের নভেম্বরে রেস্তোরাঁটির বিক্রি প্রায় ১ লাখ ৪০ হাজার ডলারে পৌঁছায়। একই সময়ে দ্বিতীয়বার করপোরেট চাকরি হারান জিশান। এরপর খাবারের ব্যবসায় পুরো মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর ভাষ্য অনুযায়ী, রেস্তোরাঁ লাভে চললেও তখনো ব্যবসা থেকে নিজের বেতন নিচ্ছিলেন না। ব্যক্তিগত খরচ চালাচ্ছিলেন আগের সঞ্চয় এবং চাকরি ছাড়ার সময় পাওয়া অর্থ দিয়ে।

এখন নিশানের মেনু আরও বাড়ানো এবং ভবিষ্যতে শিকাগোসহ অন্য জায়গায় শাখা খোলার পরিকল্পনা রয়েছে তাঁর। তবে এগুলো ভবিষ্যৎ পরিকল্পনা। আপাতত ম্যানহাটনের রেস্তোরাঁটি ঘিরেই নিজের উদ্যোক্তা জীবন এগিয়ে নিচ্ছেন জিশান।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার