বিজ্ঞাপন
এক ভিডিওতে আটকের পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাগনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পিএম
বিজ্ঞাপন
মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিয়ে পুলিশের হাতে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখিয়েছেন বলিউড অভিনেতা আমির খানের ভাগনি জাইন মেরি।
রোববার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে হাত, আঙুল ও পায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখান তিনি। ভিডিওতে জাইনকে বলতে শোনা যায়, ‘আমাদের এতটা ভয় দেখাবেন না, যাতে শুরুতেই আর কোনো ভয় অবশিষ্ট না থাকে।’
এর আগে মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খান ও লেখার সঙ্গে জাইনকেও আটক করে পুলিশ। কয়েক ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়।
জাইনের অভিযোগ, আটকের পর তাদের কোথায় নেওয়া হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ইয়েলো গেট থানায় নেওয়ার পরও আটকের কারণ সম্পর্কে পরিষ্কার ব্যাখ্যা পাননি তারা।
পুলিশের গাড়িতে থাকা অবস্থায় ধারণ করা একটি ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে স্লোগান দিতে এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করতে দেখা যায় বিক্ষোভকারীদের।
এদিকে লেখার অভিযোগ, আটকের পর মুক্তি পেয়ে তাদের নিতে রাজি হওয়া গাড়িচালকদের হুমকি দিয়েছিল মুম্বাই পুলিশ।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজনে বিক্ষোভে অংশ নেন তারা।
মুম্বাই পুলিশে জানায়, আগস্ট ক্রান্তি ময়দানে সমাবেশের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। তবে সিজেপির কর্মীদের দাবি, অনুমতি চেয়ে ইমেইল করা হলেও কোনো জবাব পাওয়া যায়নি।
জাইনের শরীরে দেখা যাওয়া আঘাতের চিহ্ন কীভাবে হয়েছে, সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।