বিজ্ঞাপন
রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধের সময়সীমা বাড়ল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৪:০০ পিএম
বিজ্ঞাপন
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলার পর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। এবার বিমানবন্দরটি বন্ধ রাখার সময়সীমা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ)।
সোমবার (১২ অক্টোবর) এক বিবৃতিতে জিএসিএ জানায়, বিমানবন্দরের বিভিন্ন স্থাপনার নিরাপত্তা এবং পরিচালনাগত সক্ষমতা যাচাই করা হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এসব পরীক্ষা-নিরীক্ষা চলছে। যাচাই কার্যক্রম শেষ করে বিমানবন্দরটি পুনরায় চালুর উপযোগিতা নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।
এর আগে গত শনিবার (১০ অক্টোবর) রিয়াদ বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলার পর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ওই হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া যায়। পরদিন রোববার বিকেলেও বিমানবন্দরটিতে আরেক দফা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় অন্তত ১২ জন হতাহত হন।
এদিকে রিয়াদের বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা থেকে সৌদি আরবগামী যাত্রীদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী ১০টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৩ হাজার ৪৩১ জন যাত্রী।
বিমানবন্দর সূত্রে আরও জানা গেছে, রিয়াদে হামলার পর থেকেই ঢাকা-রিয়াদ রুটে বিমান চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। বিমানবন্দরের কার্যক্রম কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে অনিশ্চয়তা থাকায় যাত্রীদের দুর্ভোগও দীর্ঘায়িত হতে পারে।