বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে মেডিকেয়ার সুবিধা বাছাইয়ের সময় আসছে, লাখো প্রবীণকে নতুন পরিকল্পনা যাচাইয়ের পরামর্শ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৪:০৬ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে বয়স্ক নাগরিক ও নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের স্বাস্থ্যবিমা কর্মসূচি মেডিকেয়ারের ২০২৭ সালের জন্য পরিকল্পনা বাছাই ও পরিবর্তনের সময় শুরু হচ্ছে ১৫ অক্টোবর। চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। এ সময় বর্তমান গ্রাহকেরা নিজেদের স্বাস্থ্যবিমার সুবিধা, চিকিৎসকের নেটওয়ার্ক, ওষুধের খরচ এবং মাসিক প্রিমিয়াম পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা পরিবর্তন করতে পারবেন।
মার্কিন সংবাদমাধ্যম মার্কেটওয়াচের ১২ অক্টোবর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগামী বছর মেডিকেয়ার অ্যাডভান্টেজ পরিকল্পনার বিকল্প কিছুটা কমে আসছে। একজন গ্রাহকের জন্য গড়ে ৩৫টি পরিকল্পনা পাওয়া যেতে পারে, যা ২০২৬ সালে ছিল ৩৯টি। অন্তত ৩৮ লাখ গ্রাহককে নতুন পরিকল্পনা খুঁজে নিতে হতে পারে। এ ছাড়া ১৮১টি কাউন্টিতে মেডিকেয়ার অ্যাডভান্টেজ পরিকল্পনা পাওয়া যাবে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই পরিবর্তনের পেছনে ইউনাইটেডহেলথ গ্রুপ, হিউমনা ও এইটনার মতো বড় স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠানের কিছু বাজার থেকে সরে যাওয়া বা পরিকল্পনা পরিবর্তনের ভূমিকা রয়েছে।মেডিকেয়ার অ্যাডভান্টেজ হলো বেসরকারি বিমা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত মেডিকেয়ারের বিকল্প ব্যবস্থা। এসব পরিকল্পনায় হাসপাতাল, চিকিৎসক, ওষুধ এবং অতিরিক্ত কিছু স্বাস্থ্যসেবার সুবিধা থাকতে পারে। তবে কোন চিকিৎসক বা হাসপাতালে সেবা নেওয়া যাবে, কত টাকা নিজেকে দিতে হবে এবং কোন ওষুধের খরচ বিমা বহন করবে—এসব বিষয় পরিকল্পনাভেদে আলাদা।
যাঁরা বর্তমানে মেডিকেয়ার সুবিধা পাচ্ছেন, তাঁদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধু মাসিক প্রিমিয়াম দেখে সিদ্ধান্ত না নেওয়া। কোনো পরিকল্পনায় মাসিক খরচ কম হলেও চিকিৎসকের কাছে যাওয়া, হাসপাতালে ভর্তি হওয়া কিংবা নিয়মিত ওষুধ কেনার সময় ব্যক্তিগত ব্যয় বেশি হতে পারে। আবার নির্দিষ্ট চিকিৎসক বা হাসপাতাল নতুন পরিকল্পনার নেটওয়ার্কে না থাকলে চিকিৎসাসেবা পেতেও অসুবিধা হতে পারে।
তাই গ্রাহকদের বার্ষিক পরিবর্তনের নোটিশ বা ‘অ্যানুয়াল নোটিশ অব চেঞ্জ’ মনোযোগ দিয়ে পড়া উচিত। সেখানে আগামী বছরে সুবিধা, প্রিমিয়াম, চিকিৎসাসেবা এবং অন্যান্য শর্তে কী পরিবর্তন আসছে, তা উল্লেখ থাকে। বিশেষ করে দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসা, নিয়মিত প্রেসক্রিপশনের ওষুধ কিংবা নির্দিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের ওপর নির্ভরশীল ব্যক্তিদের আগেভাগে যাচাই করা জরুরি।যাঁরা বর্তমান পরিকল্পনা নিয়ে সন্তুষ্ট, তাঁদেরও ২০২৭ সালের শর্তগুলো পরীক্ষা করা উচিত। কারণ আগের বছরের পরিকল্পনা একই নামে থাকলেও সুবিধা, খরচ বা চিকিৎসকের নেটওয়ার্কে পরিবর্তন আসতে পারে।
যোগ্য গ্রাহকেরা মেডিকেয়ারের সরকারি ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন পরিকল্পনার তুলনা করতে পারবেন। প্রয়োজনে মেডিকেয়ারের সরকারি সহায়তা নম্বর ১-৮০০-মেডিকেয়ার (১-৮০০-৬৩৩-৪২২৭)-এ যোগাযোগ করা যায়। সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের চিকিৎসার চাহিদা, ওষুধের তালিকা এবং মোট সম্ভাব্য বার্ষিক ব্যয় বিবেচনা করা উচিত।
মনে রাখতে হবে, ১৫ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত সময়টি মূলত মেডিকেয়ারের বার্ষিক উন্মুক্ত নিবন্ধনের সময়। এটি সবার জন্য মেডিকেয়ারে প্রথমবার যোগদানের সময়সীমা নয়; নতুন গ্রাহকদের ক্ষেত্রে আলাদা যোগ্যতা ও নিবন্ধনকাল প্রযোজ্য হতে পারে।