Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ডিজনি ওয়ার্ল্ডে টিকিটের দাম বাড়িয়ে ৩০১ ডলার, ক্ষুব্ধ সাধারণ দর্শনার্থীরা

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:২০ এএম

যুক্তরাষ্ট্রে ডিজনি ওয়ার্ল্ডে টিকিটের দাম বাড়িয়ে ৩০১ ডলার, ক্ষুব্ধ সাধারণ দর্শনার্থীরা

বিজ্ঞাপন

‘পৃথিবীর সবচেয়ে সুখী স্থান’ হিসেবে পরিচিত ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডে ভ্রমণের খরচ একলাফে অনেকটা বেড়ে গেছে। চলতি সপ্তাহে নীরবেই টিকিটের দাম বাড়িয়েছে কর্তৃপক্ষ, যার ফলে জনপ্রিয় একদিনের ‘পার্ক হপার’ পাসের (সবগুলো পার্কে প্রবেশের টিকিট) দাম পিক উইকএন্ড বা ছুটির দিনগুলোতে ৩০০ ডলারের মাইলফলক ছাড়িয়ে গেছে।

এই মাল্টি-পার্ক পাসের মূল দাম ২৮০ ডলার বিজ্ঞাপিত হলেও, বাধ্যতামূলক ফি এবং ১৮ দশমিক ৪০ ডলার কর যোগ হয়ে চূড়ান্ত মূল্য দাঁড়িয়েছে ৩০১ দশমিক ৪০ ডলারে। সবচেয়ে হতাশার বিষয় হলো, এত চড়া দামে টিকিট কেটেও পার্কে প্রবেশের শতভাগ নিশ্চয়তা নেই, কারণ ধারণক্ষমতা পূর্ণ হয়ে গেলে প্রবেশাধিকার সীমিত থাকে।

কেবল মাল্টি-পার্ক পাসই নয়, সাধারণ একদিনের সিঙ্গেল-পার্ক টিকিটের দামও ২০০ ডলার ছাড়িয়ে গেছে। মঙ্গলবারের এই মূল্যবৃদ্ধির ফলে সর্বোচ্চ স্তরের একদিনের সাধারণ টিকিটের দাম ১০ ডলার বেড়ে ২২৯ ডলারে পৌঁছেছে। এছাড়া লাইন এড়িয়ে রাইডে ওঠার ভিআইপি ‘লাইটনিং লেন’ পাসের দাম একলাফে ৫০ ডলার বেড়ে ৪৯৯ ডলারে ঠেকেছে।

অ্যানিমেল কিংডমের মতো পার্কে অফ-পিক সময়ে টিকিটের দাম এখনও ১২০ ডলারের আশেপাশে শুরু হলেও, সাপ্তাহিক ছুটির দিনে তা করসহ ১৯০ ডলার ছাড়িয়ে যাচ্ছে।

বার্ষিক পাসগুলোর ক্ষেত্রেও বড় ধরনের মূল্যবৃদ্ধি করা হয়েছে। ফ্লোরিডার বাইরের বাসিন্দাদের জন্য প্রযোজ্য একমাত্র বার্ষিক পাস ‘ইনক্রেডি-পাস’-এর দাম একলাফে ১২০ ডলার বাড়িয়ে ১ হাজার ৭৪৯ ডলার করা হয়েছে। এই পাসের মাধ্যমে দর্শনার্থীরা একসাথে সর্বোচ্চ ৫টি থিম পার্ক রিজার্ভেশন ধরে রাখার সুযোগ পান। পাশাপাশি ফ্লোরিডার স্থানীয় বাসিন্দাদের জন্য ‘পিক্সি ডাস্ট পাস’ ১০ ডলার, ‘পাইরেট পাস’ ৪০ ডলার এবং ‘সরসারার পাস’ ৪০ ডলার বাড়ানো হয়েছে।

নতুন প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত মাল্টি-পার্ক পিক টিকিটের দাম ৩০০ ডলারের ওপরেই থাকবে। ২০২৭ সালের বড়দিন এবং ইংরেজি নববর্ষের প্রাক্কালে ম্যাজিক কিংডমের একদিনের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২২৯ ডলার, যা চলতি বছর ২০৯ ডলার এবং ২০২৭ সালের পূর্বে ঘোষিত তারিখগুলোর জন্য ২১৯ ডলার ছিল।

অন্যদিকে, ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ডেও মাঝারি স্তরের এবং পার্ক-হপার টিকিটের দাম ৫ থেকে ১০ ডলার বাড়ানো হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, সেখানকার সবচেয়ে সস্তা একদিনের টিকিটের দাম ২০১৯ সালের মতোই ১০৪ ডলারে অপরিবর্তিত রাখা হয়েছে।

টিকিটের এই ঊর্ধ্বমুখী দামের ধাক্কা সামলাতে এবং সাশ্রয়ী মূল্যের দিনগুলো খুঁজে পেতে দর্শনার্থীদের সুবিধার্থে ওয়েবসাইটে একটি এআই (AI) বট চালু করেছে ডিজনি। ইউএসএ টুডের প্রতিবেদন অনুযায়ী, এই বটের মাধ্যমে দর্শনার্থীরা কোন তারিখে টিকিটের দাম সবচেয়ে কম, তা সহজেই খুঁজে নিতে পারবেন।

তবে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। রেডিটে একজন ব্যবহারকারী আক্ষেপ করে লিখেছেন যে, এই কোম্পানিগুলোর এখন আর নিম্ন বা মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের প্রয়োজন নেই; বরং কেবল ধনীদের কথা মাথায় রেখেই এখন এসব বিনোদন কেন্দ্র পরিচালিত হচ্ছে।

উত্তর ক্যালিফোর্নিয়া থেকে আসা আরেক দর্শনার্থী জানান, বিমান ভাড়া, মাঝারি মানের হোটেলে দুই রাত থাকা এবং লাইটনিং লেনসহ পার্ক হপার টিকিট মিলিয়ে মাত্র একদিনের ভ্রমণের জন্য দুইজনের খরচ পড়ছে প্রায় ২ হাজার ডলার—যার মধ্যে খাবার, যাতায়াত কিংবা কেনাকাটার হিসাবই ধরা হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার