Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

টানা ১১ দিন না ঘুমিয়ে বিশ্ব রেকর্ড, এরপর ভুগেছেন যে ভয়ানক সমস্যায়

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পিএম

টানা ১১ দিন না ঘুমিয়ে বিশ্ব রেকর্ড, এরপর ভুগেছেন যে ভয়ানক সমস্যায়

বিজ্ঞাপন

টানা ২৬৪ ঘণ্টা, অর্থাৎ ১১ দিনেরও বেশি সময় না ঘুমিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন র‌্যান্ডি গার্ডনার। ১৯৬৩ সালে মাত্র ১৭ বছর বয়সে করা সেই পরীক্ষার প্রভাব বহু বছর পরও অনুভব করেছেন তিনি। দীর্ঘ সময় ঘুম থেকে বিরত থাকার কারণে পরবর্তী জীবনে অনিদ্রার সমস্যায় ভুগেছেন বলে জানিয়েছিলেন গার্ডনার।

ঘটনাটি ঘটে স্কুলের বিজ্ঞান মেলার একটি প্রকল্পের অংশ হিসেবে। গার্ডনার ও তার সহপাঠী ব্রুস ম্যাকঅ্যালিস্টার জানতে চেয়েছিলেন, দীর্ঘ সময় না ঘুমিয়ে থাকলে মানুষের শরীরে কী ধরনের প্রভাব পড়ে। দুজন কয়েন ছুড়ে ঠিক করেন, কে এই পরীক্ষা করবেন। শেষ পর্যন্ত গার্ডনারকেই বেছে নেওয়া হয়।

পরে বিবিসিকে ম্যাকঅ্যালিস্টার জানান, তারা তখন অল্পবয়সী ছিলেন এবং বোকামি করেছিলেন। বন্ধুর অবস্থা পর্যবেক্ষণ করতে তিনিও যথাসম্ভব জেগে থাকার চেষ্টা করেছিলেন।

তিনি বলেন, ‘নিজে টানা তিন রাত না ঘুমানোর পর একবার ঘুম ভেঙে দেখি, দেয়ালে হেলান দিয়ে আছি এবং দেয়ালেই নোট লিখছি।’

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ঘুমবিষয়ক গবেষক ড. উইলিয়াম ডিমেন্ট এবং মার্কিন নৌবাহিনীর চিকিৎসক লেফটেন্যান্ট কমান্ডার জন জে রসও পরীক্ষাটি পর্যবেক্ষণ করেন।

বিজ্ঞানবিষয়ক সংবাদমাধ্যম সায়েন্স অ্যালার্টের তথ্য অনুযায়ী, টানা দুই দিন না ঘুমানোর পর থেকেই গার্ডনারের মধ্যে এর প্রভাব দেখা দিতে শুরু করে। জিভ জড়িয়ে যাওয়ার মতো সমস্যা তৈরি হয়। জটিল শব্দগুচ্ছ বারবার বলতে বললে তিনি হোঁচট খাচ্ছিলেন।

তিন দিন না ঘুমানোর পর তার মেজাজ খিটখিটে হয়ে যায়। মনোযোগ ধরে রাখতে সমস্যা, স্বল্পমেয়াদি স্মৃতিশক্তি কমে যাওয়া, সন্দেহপ্রবণতা এবং এমনকি হ্যালুসিনেশনের মতো উপসর্গও দেখা দেয় বলে জানা যায়।

ড. ডিমেন্ট জানান, গার্ডনার শারীরিকভাবে বেশ সুস্থ ছিলেন। তাই তাকে জাগিয়ে রাখতে বাস্কেটবল খেলা কিংবা বোলিংয়ের মতো কাজে ব্যস্ত রাখা হতো। তবে চোখ বন্ধ করলেই তিনি ঘুমিয়ে পড়তেন।

শেষ পর্যন্ত ২৬৪ দশমিক ৪ ঘণ্টা জেগে ছিলেন গার্ডনার। এরপর তিনি টানা ১৪ ঘণ্টা ঘুমান এবং স্বাভাবিকভাবেই জেগে ওঠেন। ঘুম থেকে ওঠার পর খুব বেশি ঝিমুনি অনুভব করেননি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে পরীক্ষা শেষ হওয়ার পরও তার ঘুমের সমস্যা চলতে থাকে বলে জানিয়েছে ডব্লিউবিইউআর। কয়েক দশক পর তিনি অনিদ্রায় ভুগতে শুরু করেন। কিশোর বয়সে করা ওই পরীক্ষার কারণেই এমনটা হয়েছে বলে তার ধারণা ছিল।

গার্ডনার বলেছিলেন, ‘আমার আশপাশে থাকাটাই কঠিন হয়ে উঠেছিল। সবকিছুতেই বিরক্ত হতাম। মনে হচ্ছিল, ৫০ বছর আগে যা করেছিলাম, তারই ধারাবাহিকতা চলছে।’

গার্ডনারের এই পরীক্ষা ইতিহাসে জায়গা করে নিলেও চিকিৎসকেরা ঘুম থেকে দীর্ঘ সময় বিরত থাকার পরামর্শ দেন না।

অনিদ্রার সমস্যায় ভুগলে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএস প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার পরামর্শ দেয়। ঘুমানোর আগে এক ঘণ্টা বই পড়া বা গোসলের মতো আরামদায়ক কাজ করা এবং দিনের বেলায় নিয়মিত ব্যায়াম করার পরামর্শও দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার