বিজ্ঞাপন
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:৫৬ এএম
বিজ্ঞাপন
সৌদি আরবের রিয়াদে অবস্থিত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর তা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর আনাদোলুর।
সৌদির জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে বিমানবন্দরে এ হামলা চালানো হয়। ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, তা এখনও নিশ্চিত করা হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাময়িকভাবে ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা হয়। এ সংক্রান্ত হালনাগাদ তথ্য পরে জানানো হবে।
বিবৃতিতে কারা এ হামলা চালিয়েছে বা কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, সে বিষয়েও স্পষ্ট করে কিছু বলা হয়নি।
হামলার পর নিরাপত্তা ঝুঁকি ও সম্ভাব্য ভ্রমণ বিঘ্নিত হওয়ার সতর্কবার্তা দিয়ে সৌদি আরবে নিযুক্ত মার্কিন ও ব্রিটিশ দূতাবাসও তাদের নাগরিকদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
সম্প্রতি সৌদি আরবের বিমানবন্দর ও অন্যান্য স্থাপনা লক্ষ্য করে নিয়মিত হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। এসব হামলায় রিয়াদ ও আবহা বিমানবন্দরে অন্তত ৬ জন নিহতও হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদিয়ার একটি বিমান।
প্রসঙ্গত, ২০১৪ সালের সেপ্টেম্বরে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা এবং বেশ কয়েকটি প্রদেশ দখল করে নেয়ার পর দেশটিতে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয়। ২০১৫ সালের মার্চে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেন যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করে। তখন থেকেই হুতিদের সঙ্গে সরাসরি সংঘাত জড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী এই দেশ।