Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সবচেয়ে ধনী প্রবীণরা, তিন বছরে তরুণদের সম্পদ কমেছে ২৩ শতাংশ

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:১৪ এএম

যুক্তরাষ্ট্রে সবচেয়ে ধনী প্রবীণরা, তিন বছরে তরুণদের সম্পদ কমেছে ২৩ শতাংশ

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সাম্প্রতিক এক জরিপে দেশটির পারিবারিক সম্পদে বড় ধরনের বৈষম্য ও পরিবর্তনের চিত্র উঠে এসেছে। ফেডের ত্রিবার্ষিক ‘সার্ভে অব কনজিউমার ফাইন্যান্সেস’-এর তথ্য অনুযায়ী, দেশটিতে ৭৫ বছর বা তার বেশি বয়সীদের নেতৃত্বাধীন প্রায় ১ কোটি ৮০ লাখ (১৮ মিলিয়ন) পরিবার বর্তমানে যে কোনো বয়সগোষ্ঠীর তুলনায় সর্বোচ্চ মধ্যক বা মিডিয়ান সম্পদের (নেট ওয়ার্থ) মালিক।

২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই বয়সের পরিবারগুলোর গড় মিডিয়ান সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪ হাজার ডলারে। মূলত দীর্ঘমেয়াদি সঞ্চয়, অবসরকালীন তহবিলের বৃদ্ধি এবং শেয়ার বাজারের অভাবনীয় চাঙ্গাভাবই তাদের সবচেয়ে ধনী বয়সগোষ্ঠীতে পরিণত করেছে। ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটির এসঅ্যান্ডপি ৫০০ সূচক প্রায় ৭৮ শতাংশ বৃদ্ধি পাওয়ায় প্রবীণ আমেরিকানদের আর্থিক তহবিল ব্যাপকভাবে ফুলেফেঁপে উঠেছে।

তবে সমাজের সবচেয়ে ধনী এবং প্রবীণ অংশের এই আর্থিক সমৃদ্ধির ঠিক উল্টো চিত্র ফুটে উঠেছে তরুণ পরিবারগুলোর ক্ষেত্রে। প্রতিবেদন অনুযায়ী, ৩৫ বছরের কম বয়সীদের নেতৃত্বাধীন পরিবারগুলোর মিডিয়ান সম্পদ ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে এক ধাক্কায় ২৩ শতাংশ কমে দাঁড়িয়েছে মাত্র ৩৩ হাজার ডলারে।

ব্যবসায়িক ইক্যুইটি থেকে প্রাপ্ত আয় কমে যাওয়াই তরুণদের সম্পদ হ্রাসের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি মহামারীর পর থেকে কয়েক বছর ধরে চলা উচ্চ মুদ্রাস্ফীতির ফলে দেশটিতে ঋণ সংকটও তীব্র রূপ নিয়েছে। প্রায় ২০ শতাংশ আমেরিকান পরিবার বর্তমানে হোম লোন, ক্রেডিট কার্ড বা অন্যান্য ঋণের কিস্তি পরিশোধে পিছিয়ে পড়েছে, যা ২০২২ সালের তুলনায় ৭ শতাংশ বেশি এবং ২০১০ সালের পর সর্বোচ্চ।

প্রতিবেদনে আরও দেখা যায়, যুক্তরাষ্ট্রের প্রতি ১২টি পরিবারের মধ্যে একটি পরিবার তাদের মোট আয়ের প্রায় ৪০ শতাংশ বা তার বেশি ব্যয় করছে ঋণের কিস্তি পরিশোধে। এমনকি প্রবীণদের মধ্যেও এই অর্থনৈতিক বৈষম্য স্পষ্ট; সেখানে ৬৫ বা তার বেশি বয়সীদের প্রায় ১০ শতাংশ বর্তমানে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন।

সামগ্রিকভাবে প্রতিবেদনটি ইঙ্গিত করছে যে, যুক্তরাষ্ট্রের মোট পরিবারের মাত্র ১৩ দশমিক ৪ শতাংশ প্রতিনিধিত্বকারী প্রবীণরা শেয়ার বাজার ও আবাসন খাতের সুবাদে শীর্ষে পৌঁছালেও, উচ্চ ঋণ ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের যাঁতাকলে পিষ্ট হয়ে দেশটির তরুণ প্রজন্ম তাদের সম্পদ গড়ার লড়াইয়ে প্রতিনিয়ত পিছিয়ে পড়ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার