বিজ্ঞাপন
অ্যারিজোনার মরুভূমিতে বিশাল সৌরবিদ্যুৎ কেন্দ্র, উৎপাদনের ৯০ শতাংশ কিনবে টেসলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পিএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের মরুভূমিতে ৪৫০ মেগাওয়াট ক্ষমতার বিশাল সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু হয়েছে। স্টার্লিং নামের এই প্রকল্প থেকে বছরে ১ দশমিক ১ টেরাওয়াট-ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের প্রত্যাশা রয়েছে। উৎপাদিত বিদ্যুতের প্রায় ৯০ শতাংশ কেনার জন্য দীর্ঘমেয়াদি চুক্তি করেছে টেসলা। প্রকল্পটি ২০২৮ সালে চালু হওয়ার লক্ষ্যে নির্মাণ করা হচ্ছে।
গত ৬ অক্টোবর প্রকল্পটির নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা করে কনটুরগ্লোবাল। যুক্তরাষ্ট্রের মোহাভি কাউন্টিতে লেক হাভাসু সিটির প্রায় ২০ মাইল উত্তরে অবস্থিত এই প্রকল্পের আওতায় মরুভূমির দুই হাজার একরেরও বেশি জমি ব্যবহৃত হবে। সৌরবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এখানে বড় আকারের ব্যাটারিতে বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থা থাকবে।
প্রকল্পে সাত লাখ ৬০ হাজারেরও বেশি সৌর প্যানেল স্থাপন করা হবে। প্যানেলগুলোর সম্মিলিত ক্ষমতা ৫০৯ মেগাওয়াট হলেও বিদ্যুৎ রূপান্তরের পর গ্রিডে সরবরাহযোগ্য ক্ষমতা হবে ৪৫০ মেগাওয়াট। এর সঙ্গে যুক্ত করা হবে তিন শতাধিক ব্যাটারি সংরক্ষণ কনটেইনার।
ব্যাটারি ব্যবস্থার সর্বোচ্চ বিদ্যুৎ সরবরাহ ক্ষমতা হবে ৩৬০ মেগাওয়াট। এতে প্রায় ১ দশমিক ৪ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সংরক্ষণ করা যাবে, যা পূর্ণ ক্ষমতায় প্রায় চার ঘণ্টা সরবরাহ করা সম্ভব। কনটুরগ্লোবালের তথ্য অনুযায়ী, সৌর প্যানেল ও ব্যাটারি একসঙ্গে ব্যবহারের মাধ্যমে দিনে সর্বোচ্চ ১৬ ঘণ্টা পর্যন্ত পরিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ করা যাবে। ব্যাটারিতে ব্যবহার করা হবে লিথিয়াম আয়রন ফসফেট প্রযুক্তি, তরল শীতলীকরণ এবং সমন্বিত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা।
টেসলার সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি বছরে প্রায় ১ টেরাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ কিনবে। এর সঙ্গে সংশ্লিষ্ট নবায়নযোগ্য জ্বালানির সনদও চুক্তির অন্তর্ভুক্ত। এই পরিমাণ বিদ্যুৎ প্রকল্পটির প্রত্যাশিত বার্ষিক উৎপাদনের প্রায় ৯০ শতাংশ। চালু হলে স্টার্লিং হবে কনটুরগ্লোবালের বিশ্বব্যাপী বৃহত্তম নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প।
প্রকল্পটি ওয়েস্টার্ন এরিয়া পাওয়ার অ্যাডমিনিস্ট্রেশনের বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত হবে। পাশাপাশি ক্যালিফোর্নিয়ার বিদ্যুৎ বাজারে বিদ্যুৎ পাঠানোর জন্য সঞ্চালন অধিকারও নিশ্চিত করা হয়েছে। নির্মাণকাজে ২০২৮ সাল পর্যন্ত প্রায় ৪০০ কর্মীর কর্মসংস্থানের প্রত্যাশা রয়েছে। স্থানীয় কর্মীরা ভূমি উন্নয়ন, সড়ক নির্মাণ ও প্রকল্প এলাকার যোগাযোগব্যবস্থার কাজ করবেন। ঐতিহাসিক রুট ৬৬-এর সঙ্গে সংযোগ স্থাপনে ৫ দশমিক ২ মাইল বা প্রায় ৮ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ একটি নতুন প্রবেশসড়ক নির্মাণ করা হবে।
প্রকল্পটি বেসরকারি অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। নির্মাণকালে বিনিয়োগের অর্থায়নে সহায়তার জন্য আন্তর্জাতিক ব্যাংকগুলোর একটি গোষ্ঠীর কাছ থেকে ঋণও নিশ্চিত করেছে কনটুরগ্লোবাল।
সূত্র: ইলেকট্রেক