বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে নদী-হ্রদের দূষণ শনাক্তে রোবট তৈরি, প্রায় ২ লাখ ডলার অনুদান পেলেন তৌহিদুল আলম
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পিএম
বিজ্ঞাপন
স্বয়ংক্রিয় রোবটের মাধ্যমে জলপরিবেশের পরিবর্তন পর্যবেক্ষণের গবেষণায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন থেকে ১ লাখ ৯৯ হাজার ৮৩৯ ডলারের অনুদান পেয়েছেন ড. তৌহিদুল আলম। তিনি লামার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক। দুই বছরের এই গবেষণায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয়ের ৫ অক্টোবরের ঘোষণা অনুযায়ী, এনএসএফের ‘ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনিশিয়েশন’ কর্মসূচির আওতায় অনুদানটি দেওয়া হয়েছে। গবেষণার মেয়াদ গত ১ সেপ্টেম্বর শুরু হয়েছে এবং চলবে ২০২৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত।
গবেষণায় পানির ওপর চলাচলকারী একাধিক স্বয়ংক্রিয় রোবটকে সীমিত শক্তি, কম্পিউটিং সক্ষমতা ও যোগাযোগ সুবিধার মধ্যেও সমন্বিতভাবে কাজ করানোর পদ্ধতি তৈরি করা হবে। লক্ষ্য হলো কম খরচে পানির পরিবর্তিত অবস্থা পর্যবেক্ষণ করা।
আলমের ভাষ্য অনুযায়ী, নদী, হ্রদ ও উপকূলীয় জলাশয়ে তেল ছড়িয়ে পড়া, রাসায়নিক দূষণ এবং ক্ষতিকর শৈবালের বিস্তারে কয়েক ঘণ্টা বা দিনের মধ্যেই পরিস্থিতি বদলে যেতে পারে। বিরতি দিয়ে হাতে নমুনা সংগ্রহ করলে এসব পরিবর্তন ধরা না-ও পড়তে পারে।
প্রকল্পে পানির মান নির্ণয়ের সেন্সর ব্যবহার করে কম্পিউটার সিমুলেশন ও মাঠপর্যায়ে পরীক্ষা চালানো হবে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, মাঠপর্যায়ের পরীক্ষা এবং স্বয়ংক্রিয়ভাবে পানির নমুনা সংগ্রহের বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন।
গবেষণা সফল হলে পরিবেশ পর্যবেক্ষণে সময়, ব্যয় ও মানুষের শ্রম কমানোর পাশাপাশি দূষণ শনাক্ত ও অনুসরণে সহায়তা করতে পারে বলে আশা করছেন আলম।