বিজ্ঞাপন
পানামায় প্রথমে ৭.৭, পরে ৬.৬ মাত্রার ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত গির্জা ও হোটেল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩১ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার সকালে পানামার দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর রেশ কাটতে না কাটতেই আড়াই ঘণ্টা পর একাধিক আফটারশকের পর ৬ দশমিক ৬ মাত্রার আরও একটি শক্তিশালী ভূকম্পনে কেঁপে ওঠে দেশটি।
মূল কেন্দ্র থেকে ১০০ মাইলেরও বেশি দূরে অবস্থিত রাজধানী পানামা সিটিতেও তীব্র কম্পন অনুভূত হয়, যার ফলে আতঙ্কিত লোকজন ভবন ছেড়ে তড়িঘড়ি করে রাস্তায় নেমে আসেন। প্রথমদিকে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র থেকে পানামা উপকূলে সুনামির শঙ্কা প্রকাশ করা হলেও পরে জানানো হয় সেই হুমকি কেটে গেছে।
ইউএসজিএস-এর তথ্যমতে, প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রত্যন্ত পিটালোজা আরিবা থেকে প্রায় ৭ মাইল দক্ষিণ-পশ্চিমে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ৭ মাইল গভীরে। দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের রিও গ্রান্ডে থেকে ৮ মাইল পশ্চিমে, যার গভীরতা ছিল ৬ মাইল।
ন্যাশনাল সিভিল প্রটেকশন সার্ভিসের কর্মকর্তা ওমর স্মিথ জানান, ভূমিকম্পের ফলে ভেরাগুয়াস, হেরেরা এবং লস সান্তোস প্রদেশে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, কোক্লে প্রদেশের পেনোনোমে শহরে একটি ক্যাথলিক গির্জা পুরোপুরি ধসে পড়েছে এবং একটি হোটেলের সম্মুখভাগ ভেঙে একটি গাড়ির ওপর পড়েছে।
তবে শত শত আকাশচুম্বী ভবনের শহর পানামা সিটিতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্যও মেলেনি। হেরেরা প্রদেশের বাসিন্দা ৬০ বছর বয়সী রোসেন্দো দোমিঙ্গুয়েজ জানান, কম্পন এতটাই তীব্র ছিল যে রান্নাঘরের জিনিসপত্র ছিটকে পড়ে; তারা অক্ষত থাকলেও মারাত্মক আতঙ্কের মধ্যে রয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো সামাজিক যোগাযোগমাধ্যমে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, এই ঘটনাকে কাজে লাগিয়ে কেউ যেন কোনো বিশৃঙ্খলা বা অহেতুক আতঙ্ক সৃষ্টি না করে। সিভিল প্রটেকশন বিভাগ বর্তমানে উৎপত্তিস্থলের কাছাকাছি অঞ্চলগুলোতে ক্ষয়ক্ষতির সম্ভাব্য পরিমাণ খতিয়ে দেখছে।
উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় অববাহিকার আগ্নেয়গিরি ও চ্যুতিরেখার ২৫ হাজার মাইল বিস্তৃত ‘রিং অব ফায়ার’ বা অগ্নিবলয়ের ওপর অবস্থিত পানামায় প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। চলতি বছর লাতিন আমেরিকায় ৭ মাত্রার বেশি আঘাত হানা এটি চতুর্থ ভূমিকম্প; এর আগে গত জুনে ভেনেজুয়েলায় এবং আগস্টে কলম্বিয়ায় এমন ভয়াবহ ভূমিকম্প দেখা গিয়েছিল।