Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

নিউজার্সিতে খামারের পার্কিংয়ে এসইউভির চাপায় প্রাণ গেল দুই বছরের শিশুর, অল্পের জন্য বাঁচলেন দাদি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৩:১৬ এএম

নিউজার্সিতে খামারের পার্কিংয়ে এসইউভির চাপায় প্রাণ গেল দুই বছরের শিশুর, অল্পের জন্য বাঁচলেন দাদি

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে পরিবারের সঙ্গে ছুটির আনন্দ কাটাতে গিয়ে মর্মান্তিক এক দুর্ঘটনার শিকার হয়েছে জেমস গ্যাব্রিয়েল নামের দুই বছর বয়সী এক শিশু। একটি খামারের পার্কিং লটে এসইউভি গাড়ির চাপায় প্রাণ হারিয়েছে সে। পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, শনিবার সকাল ১১টার দিকে ক্রিম রিজে অবস্থিত বুলক ফার্মে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

জানা যায়, ছোট্ট জেমস তার দাদি এলেন গ্যাব্রিয়েলের হাত ধরে হাঁটছিল। সে সময় হঠাৎ একটি ক্রাইসলার এসইউভি গাড়ি পেছনের দিকে আসার (রিভার্স) সময় তাদের ধাক্কা দেয়। গাড়ির নিচে চাপা পড়লেও ভাগ্যক্রমে দাদি এলেন সামান্য আহত হয়ে প্রাণে বেঁচে যান।

কিন্তু শিশু জেমস গুরুতর আঘাত পায়। তাকে দ্রুত জার্সি শোর মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় জেমসের বাবা রবার্ট গ্যাব্রিয়েল তার চার মাস বয়সী কন্যাসন্তানকে নিয়ে একটু সামনেই হাঁটছিলেন। পেছন ফিরে তিনি দেখেন তার মায়ের মাথা গাড়ির নিচে আটকে আছে।

এমন অকল্পনীয় ক্ষতিতে পরিবারটিতে এখন শুধুই শূন্যতা আর হাহাকার। জেমসের বাবা রবার্ট বলেন, "আমরা সুন্দর একটি দিন কাটাতে সেখানে গিয়েছিলাম। কুমড়ো তুলে বাড়ি ফিরে ফুটবল খেলা দেখার কথা ছিল। এমন একটি সুন্দর উইকএন্ড যে চরম বিপর্যয়ে রূপ নেবে, তা আমরা ভাবতেও পারিনি।" অন্যদিকে, জেমসের মা মেইলিং গ্যাব্রিয়েল জানান, জেমস ট্রাক, গাড়ি ও বিমান খুব ভালোবাসত। তার ছোট্ট জীবনের আনন্দ ও ভালোবাসার স্মৃতিগুলো তাদের মনে আজীবন বেঁচে থাকবে বলে মন্তব্য করেন তিনি।

বুলক ফার্মস কর্তৃপক্ষ এই ঘটনাকে একটি 'ভয়ানক ট্র্যাজেডি' বলে উল্লেখ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। এদিকে নিউজার্সি স্টেট পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। তবে গাড়ি চালকের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার