Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় হলে বিপাকে ট্রাম্প পরিবার? আইনি প্রতিরক্ষায় বিশেষ তহবিল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৩:০০ এএম

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় হলে বিপাকে ট্রাম্প পরিবার? আইনি প্রতিরক্ষায় বিশেষ তহবিল

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে বিরোধী ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পেলে নিজের পরিবারকে সম্ভাব্য তদন্তের হাত থেকে রক্ষা করতে আগাম প্রস্তুতি নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত চালানো হতে পারে।

এমন আশঙ্কায় ট্রাম্প তাঁর ‘মাগা ইনক’ (MAGA Inc.) সুপার প্যাকের ৪০ কোটি ডলারের বিশাল তহবিল থেকে কয়েক মিলিয়ন ডলার সরিয়ে একটি নিজস্ব আইনি প্রতিরক্ষা তহবিল গঠন করছেন। যদিও রিপাবলিকানদের প্রত্যাশা ছিল, এই অর্থ আসন্ন মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় ব্যয় করা হবে।

প্রতিবেদন অনুযায়ী, কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেলে ট্রাম্প পরিবারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ব্যক্তিগতভাবে আর্থিকভাবে লাভবান হওয়ার অভিযোগগুলোকে সামনে আনবেন শীর্ষ ডেমোক্র্যাট নেতারা। এর আগে প্রথম মেয়াদে দুই দফায় অভিশংসনের মুখোমুখি হওয়া ট্রাম্প এবারও পারিবারিক সদস্যদের নিয়ে আইনি ফাঁদে পড়ার ঝুঁকিতে রয়েছেন।

বিশেষ করে ব্যারন ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সি ব্যবসা ‘ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়াল’, সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব অ্যান্ড্রু টেটের সাথে তাঁর কথিত যোগাযোগ এবং প্রথম নারী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে অ্যামাজনের চার কোটি ডলারের তথ্যচিত্র নিয়ে ইতোমধ্যেই ডেমোক্র্যাটদের মাঝে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। এছাড়া ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সৌদি তহবিল গ্রহণ এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিভিন্ন ব্যবসায়িক সংশ্লিষ্টতাও ডেমোক্র্যাটদের নজরে রয়েছে।

তবে এসব তৎপরতাকে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস দ্য ইন্ডিপেন্ডেন্টকে বলেন, এক দশকেরও বেশি সময় ধরে ডেমোক্র্যাটরা ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তাঁর পরিবারকে নিশানা বানিয়ে আসছে।

প্রশাসন যখন মার্কিন জনগণের নিরাপত্তা ও অর্থনীতি নিয়ে কাজ করছে, তখন বিরোধীরা কেবল রাজনৈতিক প্রতিবন্ধকতা তৈরিতে মগ্ন। সাম্প্রতিক বিভিন্ন জরিপে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার আভাস মিলছে, ফলে মধ্যবর্তী নির্বাচনে দলটির জয় হলে ট্রাম্প তাঁর মেয়াদের শেষভাগে এসে গুরুতর আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার