বিজ্ঞাপন
ট্রাম্পের হাতে কালশিটে, স্যুটের নিচে রহস্যময় ফোলা অংশ, স্বাস্থ্য নিয়ে বাড়ছে জল্পনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৯ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা ও মানসিক স্বাস্থ্য নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। সম্প্রতি ‘এ নিউ গোল্ডেন এজ’ শীর্ষ সম্মেলনে পুরস্কার বিতরণের সময় তার ডান হাতের একটি বড় কালশিটে দাগ ঢাকতে পুরু মেকআপ ব্যবহার করার বিষয়টি সবার নজরে আসে।
মার্কিন ইনস্টিটিউট অব পিস (বর্তমানে 'ডোনাল্ড জে. ট্রাম্প ইনস্টিটিউট অব পিস' নামে পরিচিত)-এ আয়োজিত ওই অনুষ্ঠানে স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কসহ শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তাদের হাতে ন্যাশনাল মেডেল অব সায়েন্স তুলে দেন ট্রাম্প। একই মঞ্চে তিনি তার প্রয়াত চাচা জন জি. ট্রাম্পের পক্ষ থেকে একটি মরণোত্তর সম্মাননাও গ্রহণ করেন। তবে এই জমকালো আয়োজনের চেয়ে বেশি আলোচনা ছড়িয়েছে খোদ প্রেসিডেন্টের স্বাস্থ্য ইস্যু নিয়ে।
রয়টার্সের ফটোগ্রাফার ইভান ভুচির তোলা একটি ক্লোজ-আপ ছবিতে দেখা যায়, ট্রাম্পের শুষ্ক ও লালচে হাতের কালশিটে ঢাকতে গোলাকারভাবে কমলা রঙের মেকআপ লাগানো হয়েছে, যা কোনোভাবেই চোখ এড়ানোর মতো ছিল না। হোয়াইট হাউসে তার দ্বিতীয় মেয়াদে একাধিকবার তার উভয় হাতে এমন কালশিটে দেখা গেছে।
ট্রাম্প নিজেই জানিয়েছিলেন, এই মেকআপ করতে তার "প্রায় ১০ সেকেন্ড" সময় লাগে। এর আগে হোয়াইট হাউস দাবি করেছিল, অতিরিক্ত অ্যাসপিরিন গ্রহণ এবং ঘন ঘন হাত মেলানোর কারণেই এই কালশিটে তৈরি হয়। হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গল অবশ্য ট্রাম্পকে ‘আমেরিকান ইতিহাসের সবচেয়ে তীক্ষ্ণ, জনসম্পৃক্ত ও উদ্যমী প্রেসিডেন্ট’ বলে আখ্যা দিয়ে এই জল্পনা উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন।
তবে কেবল হাতের কালশিটে নয়, ট্রাম্পের স্যুটের নিচে একটি রহস্যময় ফোলা অংশও দেখা গেছে, যা নিয়ে জল্পনা তুঙ্গে। গত আগস্টে নিউইয়র্কের লং আইল্যান্ডে এবং সম্প্রতি হোয়াইট হাউসের একজন সহকারীর শেয়ার করা ইনস্টাগ্রাম স্টোরিতেও এই ফোলা অংশটি নজরে আসে।
অনলাইনে কেউ কেউ এটিকে কোনো মেডিকেল ডিভাইস, কোলোস্টোমি ব্যাগ বা এমনকি অ্যাডাল্ট ডায়াপার বলেও জল্পনা করছেন। পাশাপাশি হাত-পা ফুলে যাওয়া, একটানা তন্দ্রাচ্ছন্নভাব, অস্পষ্ট কথা এবং হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়ার মতো লক্ষণগুলো প্রেসিডেন্টের ফিটনেস নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। দ্য নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও সিএনএনের মতো শীর্ষ সংবাদমাধ্যমগুলোও ট্রাম্পের স্বাস্থ্যগত সমস্যা নিয়ে এরই মধ্যে গভীর বিশ্লেষণ শুরু করেছে।