বিজ্ঞাপন
ক্যাশ অ্যাপের তথ্য ফাঁসের মামলায় ক্ষতিপূরণ পাচ্ছেন গ্রাহকরা, সর্বোচ্চ ২,৫০০ ডলার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৩ এএম
বিজ্ঞাপন
নিরাপত্তা ত্রুটি ও তথ্য ফাঁসের অভিযোগ সংক্রান্ত মামলায় নিষ্পত্তির অংশ হিসেবে যোগ্য গ্রাহকদের ক্ষতিপূরণের অর্থ দেওয়া শুরু করেছে জনপ্রিয় মোবাইল পেমেন্ট প্ল্যাটফর্ম ক্যাশ অ্যাপ এবং এর মূল প্রতিষ্ঠান ব্লক ইনকর্পোরেটেড (ব্লক আইএনসি)। ১ কোটি ৫০ লাখ (১৫ মিলিয়ন) ডলারের এই তহবিল থেকে পূর্বে আবেদন মঞ্জুর হওয়া গ্রাহকদের সর্বোচ্চ ২,৫০০ ডলার পর্যন্ত পরিশোধ করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আর্থিক ক্ষতি, অননুমোদিত লেনদেন এবং সময় নষ্ট হওয়ার ক্ষতিপূরণ হিসেবে সর্বোচ্চ ৭৫ ডলার পর্যন্ত এই তহবিলের আওতায় বিতরণ করা হচ্ছে। তবে নতুন করে এই ক্ষতিপূরণের জন্য আর কোনো আবেদন করার সুযোগ নেই, কারণ দাবির সময়সীমা আগেই শেষ হয়ে গেছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ২৩ আগস্ট থেকে ২০২৪ সালের ২০ আগস্টের মধ্যে প্ল্যাটফর্মটিতে নিরাপত্তা গাফিলতির অভিযোগ ওঠে। এতে দাবি করা হয়, প্রতিষ্ঠানটির একজন সাবেক কর্মী ও অননুমোদিত ব্যক্তি রিসাইকেল করা ফোন নম্বর ব্যবহার করে গ্রাহকদের অ্যাকাউন্টে প্রবেশ করেছিলেন এবং ‘ক্যাশ অ্যাপ ইনভেস্টিং’-এর গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়েছিল।
পাশাপাশি পেমেন্ট সংক্রান্ত জটিলতা নিরসনে কার্যকর সাড়া না দেওয়া এবং গ্রাহকসেবা পেতে চরম ভোগান্তির অভিযোগও মামলায় আনা হয়। যদিও প্রতিষ্ঠানটি কোনো ধরনের অন্যায় বা ত্রুটির কথা সরাসরি স্বীকার করেনি, তবে তারা তথ্যের নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দিয়ে আইনি নিষ্পত্তিতে সম্মত হয়। ২০২৪ সালের নভেম্বরে আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর ২০২৫ সালের মার্চে ক্যালিফোর্নিয়ার একটি আদালত এই নিষ্পত্তির চূড়ান্ত অনুমোদন দেয়।
মোট জমা পড়া প্রায় ৬ লাখ ৬৭ হাজার আবেদনের মধ্যে যাচাই-বাছাই শেষে ৪০ হাজার ৩৮০টি আবেদন অনুমোদন পেয়েছে। প্রাথমিকভাবে যার মোট পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫৬ লাখ ডলার এবং গড়ে প্রতি গ্রাহক পাচ্ছেন প্রায় ১৩৯ ডলার করে। অনুমোদিত ব্যক্তিরা চেক, প্রিপেইড কার্ড, ভেনমো বা জেল-এর মাধ্যমে এই অর্থ গ্রহণ করছেন।
উল্লেখ্য, এর আগে প্রতারণা থেকে গ্রাহকদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে কনজিউমার ফাইন্যান্সিয়াল প্রোটেকশন ব্যুরোর (সিএফপিবি) ১৭ কোটি ৫০ লাখ ডলারের একটি আদেশের আওতায় জুনেও গ্রাহকদের ক্ষতিপূরণ পাঠানো হয়েছিল। তবে কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, নতুন করে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার নামে কোনো ফি দাবি করা বা দেরিতে আবেদনের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলে তা নিশ্চিতভাবেই প্রতারণা বা স্ক্যাম।