বিজ্ঞাপন
প্রবাসীদের জন্য বড় সুখবর দিল মালয়েশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২১ পিএম
বিজ্ঞাপন
মালয়েশিয়ার বিদেশি শ্রমিকদের মাসিক মজুরি ১,৭০০ রিঙ্গিত থেকে বাড়িয়ে ২,০০০ রিঙ্গিত করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
শুক্রবার (৯ অক্টোবর) দেশোটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সংসদে দেশের ২০২৭ সালের বাজেট পেশ করার সময় এই বৃদ্ধির ঘোষণা দেন। এটি কার্যকর হবে ২০২৭ সালের জুন থেকে। তিনি বলেন, নতুন এই হারের ফলে চল্লিশ লাখেরও বেশি কর্মী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
মালয়েশিয়ার ন্যূনতম মজুরির নিয়ম বিদেশি কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য। বাংলাদেশ, নেপাল ইন্দোনেশিয়া এবং অন্যান্য দেশের কর্মীরা মালয়েশিয়ার কর্মীদের মতোই একই আইনসম্মত ন্যূনতম মূল মজুরি পাওয়ার অধিকারী।
মালয়েশিয়া ২০১৩ সালে তার ন্যূনতম মজুরি নীতি চালু করে, যেখানে মাসিক মজুরি ৯০০ রিঙ্গিত নির্ধারণ করা হয়েছিল। ২০১৬ সালে তা বেড়ে ১,০০০ রিঙ্গিত, ২০১৯ সালে ১,১০০, ২০২০ সালে ১,২০০, ২০২২ সালে ১,৫০০ এবং ২০২৫ সালে ১,৭০০ হয়। সর্বশেষ এই বৃদ্ধির ফলে ন্যূনতম মজুরি তার মূল হারের দ্বিগুণেরও বেশি হবে।
আনোয়ার ইব্রাহিম ঘোষণা করেছেন যে, বার্ষিক টার্নওভার ৫০ মিলিয়ন রিঙ্গিতের কম এমন ক্ষুদ্র, ছোট ও মাঝারি আকারের শিল্পোদ্যোগগুলো নতুন এই শর্ত থেকে অব্যাহতি পাবে।
এই অব্যাহতির উদ্দেশ্য হলো ছোট ব্যবসাগুলোকে তাদের ব্যবসায়িক মডেল সমন্বয় করার জন্য সময় দেওয়া।
তিনি বলেন, শ্রমিকদের উৎপাদনশীলতা ও তাদের মজুরির মধ্যকার ব্যবধান আমাদের কমাতে হবে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির সঙ্গে আয় তাল মেলাতে ব্যর্থ হওয়ায় জীবনযাত্রার ব্যয়ভার বেড়েছে। দেশের মজুরি কাঠামো উন্নত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে সরকার আধা-দক্ষ কর্মী এবং বিশ্ববিদ্যালয় স্নাতকদের জন্য ন্যূনতম মাসিক বেতন ২,৫০০ রিঙ্গিত নির্ধারণ করার পরিকল্পনাও করছে।
আনোয়ার বলেন, ন্যূনতম মজুরি শ্রমিকদের আয়ের কেবল একটি সর্বনিম্ন সীমা নির্ধারণ করে।
দক্ষ শ্রমিকদের এখনো তাদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। সরকার অনিবন্ধিত বিদেশি কর্মীদের নিয়োগ রোধ করতে কর বিধিমালা কঠোর করারও পরিকল্পনা করছে।