বিজ্ঞাপন
মার্কিন কর্মী ছাঁটাই করে বিদেশি নিয়োগের অভিযোগ, মাইক্রোসফট-অ্যাডোবির গ্রিন কার্ড আবেদন স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ এএম
বিজ্ঞাপন
মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চ-দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের জন্য ব্যবহৃত এইচ-১বি (H-1B) ভিসা ব্যবস্থার অপব্যবহারের অভিযোগে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট এবং অ্যাডোবির গ্রিন কার্ড আবেদন প্রক্রিয়া স্থগিত করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আনুষ্ঠানিকভাবে এই স্থগিতাদেশের ঘোষণা দেন।
প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ, তারা মার্কিন কর্মীদের ছাঁটাই করে অপেক্ষাকৃত কম বেতনের বিদেশি কর্মীদের দিয়ে শূন্যস্থান পূরণ করছে। এই স্থগিতাদেশের ফলে প্রতিষ্ঠান দুটি এইচ-১বি ভিসায় কর্মরত তাদের বিদেশি কর্মীদের স্থায়ী বসবাসের (গ্রিন কার্ড) জন্য আর কোনো আবেদন করতে পারবে না।
সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স মাইক্রোসফটের প্রতি কঠোর বার্তা দিয়ে বলেন, তারা একটি দুর্দান্ত আমেরিকান কোম্পানি, কিন্তু তাদের উচিত চমৎকার আমেরিকান কর্মীদেরই নিয়োগ দেওয়া। তিনি অভিযোগ করেন, আমেরিকান কর্মীদের চাকরিচ্যুত করে তার বদলে বিদেশ থেকে চুক্তিবদ্ধ শ্রমিকদের এনে কাজ করানো কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
এ বিষয়ে মাইক্রোসফটের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রী কিথ সোন্ডারলিং এক বিবৃতিতে জানিয়েছেন, মাইক্রোসফটের পাশাপাশি অ্যাডোবিকেও একইভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি আরও জানান, এই কোম্পানিগুলোর কোনো নতুন বা চলমান 'স্থায়ী শ্রম শংসাপত্র' বা পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন আবেদন আর গ্রহণ বা প্রক্রিয়া করা হবে না।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালে মাইক্রোসফট প্রায় ৩,৭০০ কর্মীর জন্য এইচ-১বি ভিসার আবেদন করেছে, যা তাদের এই ভিসা ব্যবহারকারী পঞ্চম বৃহত্তম নিয়োগকর্তায় পরিণত করেছে। তবে ৯,৩০০টির বেশি আবেদন নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছে অ্যামাজন।
শ্রমমন্ত্রী জানান, ২০০৯ সাল থেকে মাইক্রোসফট এবং অ্যাডোবি প্রায় ২ লাখ ৩০ হাজার এইচ-১বি ভিসা অনুমোদন এবং কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ডের প্রাথমিক ধাপ হিসেবে ১ লাখ 'স্থায়ী শ্রম শংসাপত্র' পেয়েছে। ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স দাবি করেন, হিসাব করলে দেখা যায় যে, মাইক্রোসফট প্রতি একজন আমেরিকান কর্মীকে ছাঁটাই করার বিপরীতে দেড় গুণ বিদেশি কর্মীকে নিয়োগ দিয়েছে। এছাড়া এইচ-১বি প্রোগ্রামের আওতায় নিয়োগ পাওয়া কর্মীরা একই পদে থাকা মার্কিন কর্মীদের তুলনায় গড়ে ২০ হাজার ডলার কম বেতন পান।
দীর্ঘদিন ধরেই এইচ-১বি ভিসা সংস্কারের দাবি জানিয়ে আসছিল অভিবাসন বিষয়ক বিভিন্ন অ্যাডভোকেসি গ্রুপ, তবে তাদের কারণগুলো ভিন্ন। এই ভিসার শর্ত অনুযায়ী কর্মীদের তাদের নিয়োগকর্তার ওপর নির্ভরশীল থাকতে হয়, যার ফলে কর্মপরিবেশ বা বেতন নিয়ে অসন্তুষ্টি থাকলেও তাদের পক্ষে সহজে চাকরি পরিবর্তন করা সম্ভব হয় না।
ন্যাশনাল ইমিগ্রেশন ফোরামের মতো সংস্থাগুলো অবশ্য জেডি ভ্যান্সের এই পদক্ষেপের সাথে দ্বিমত পোষণ করেছে। সংস্থাটির মতে, বিজ্ঞান ও প্রযুক্তি (STEM), উচ্চশিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনের ক্ষেত্রে সারা বিশ্ব থেকে মেধাবী কর্মীদের আকৃষ্ট করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনীতি লাভবান হয়। তারা সতর্ক করে বলেছে যে, এমন কঠোর নীতি যুক্তরাষ্ট্রকে মেধাবীদের কাছে কম আকর্ষণীয় করে তুলবে, যা শেষ পর্যন্ত বৈশ্বিক প্রতিযোগীদেরই শক্তিশালী করবে।