বিজ্ঞাপন
‘ইরান লস অ্যাঞ্জেলেস ধ্বংস করে দিতে পারে মন্তব্যে’ ট্রাম্পের ব্যাখ্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ এএম
বিজ্ঞাপন
ইরান যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগো শহরে হামলা চালাতে পারে, এমন মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিনিময়ে জ্বালানির দাম সাময়িকভাবে বেড়ে যাওয়া একটি ছোট মূল্য।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ব্যাখ্যা দেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সোমবার নেব্রাস্কায় এক রাজনৈতিক সমাবেশে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের অর্থনৈতিক ত্যাগের বিষয়ে কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, ‘তারা একটি শহর ধ্বংস করে দিতে পারে। লস অ্যাঞ্জেলেস ধ্বংস করে দিক, সান দিয়েগো ধ্বংস করে দিক। বিশ্বকে নিরাপদ রাখতে এবং আমাদের দেশকে সুরক্ষিত রাখতে এটি খুবই সামান্য মূল্য।’
ট্রাম্পের ওই মন্তব্যের পর ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট নেতারা এবং তাঁর নিজ দলের কয়েকজন নেতাও সমালোচনা করেন।
বৃহস্পতিবারের পোস্টে ট্রাম্প বলেন, তিনি মূলত বোঝাতে চেয়েছেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র না থাকার বিনিময়ে পেট্রলের দাম সাময়িকভাবে বেড়ে যাওয়া একটি ছোট মূল্য।
তিনি আরও বলেন, ‘আপনারা যদি বড় মূল্য দেখতে চান, তাহলে কল্পনা করুন, তারা যদি সান দিয়েগো কিংবা লস অ্যাঞ্জেলেসে বোমা হামলা চালায়, তাহলে পরিস্থিতি কেমন হবে।’ এ সময় শহর দুটির প্রতি নিজের ভালোবাসার কথাও জানান তিনি।
ইরানের সঙ্গে সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগের বিষয়টি এর আগেও গুরুত্ব না দেওয়ার অবস্থান নিয়েছেন ট্রাম্প।