Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ৬৬০ কর্মী ছাঁটাই করছে প্রযুক্তি প্রতিষ্ঠান হাবস্পট, চাপে চাকরির বাজার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৩:০১ এএম

যুক্তরাষ্ট্রে ৬৬০ কর্মী ছাঁটাই করছে প্রযুক্তি প্রতিষ্ঠান হাবস্পট, চাপে চাকরির বাজার

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান হাবস্পট একসঙ্গে প্রায় ৬৬০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৭ শতাংশ এই সিদ্ধান্তের আওতায় পড়বেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকেন্দ্রিক নতুন ব্যবসায়িক কৌশলের সঙ্গে সাংগঠনিক কাঠামো সামঞ্জস্য করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (৬ অক্টোবর) কর্মীদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে ছাঁটাইয়ের ঘোষণা দেন হাবস্পটের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ামিনি রঙ্গন। তবে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে ঠিক কতজন কর্মী চাকরি হারাবেন, তা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়নি।

বস্টন ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, হাবস্পট দীর্ঘদিন ধরে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য মার্কেটিং, সেলস, কাস্টমার সার্ভিস এবং গ্রাহক ব্যবস্থাপনার সফটওয়্যার তৈরি করে আসছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের ব্যবসায়িক কৌশলে বড় ধরনের পরিবর্তন এনেছে। শুধু সফটওয়্যার সরবরাহের পরিবর্তে এআই প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের সরাসরি ব্যবসায়িক ফলাফল অর্জনে সহায়তা করার দিকে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

কর্মীদের উদ্দেশে দেওয়া চিঠিতে ইয়ামিনি রঙ্গন জানান, গত এক বছরে হাবস্পটের ব্যবসায়িক কৌশলে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এর প্রভাব পড়ছে প্রতিষ্ঠানটির পণ্য, মূল্য নির্ধারণ এবং গ্রাহকদের সেবা দেওয়ার পদ্ধতিতে। নতুন পরিস্থিতিতে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং ব্যবসায়িক লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কাঠামোও পরিবর্তন করা প্রয়োজন বলে মনে করছে কর্তৃপক্ষ।

তবে কর্মী ছাঁটাইয়ের কারণ নিয়ে একটি বিষয় স্পষ্ট করেছেন হাবস্পটের প্রধান নির্বাহী। তাঁর দাবি, এআই প্রযুক্তি মানুষের কাজ প্রতিস্থাপন করছে কিংবা এআই ব্যবহারের ফলে কম কর্মী দিয়ে বেশি কাজ করা সম্ভব হচ্ছে, এমন কারণে এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি জানান, এটি শুধু পরিচালন ব্যয় কমানোর উদ্যোগও নয়। বরং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা অনুযায়ী কর্মী ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করাই এই পুনর্গঠনের মূল উদ্দেশ্য।

নতুন পরিকল্পনা অনুযায়ী, হাবস্পটের বিভিন্ন পণ্যভিত্তিক টিম পুনর্গঠন করা হবে। আগে পৃথক সফটওয়্যার ও সেবার ভিত্তিতে টিম পরিচালিত হলেও এখন গ্রাহকদের চাহিদা ও প্রত্যাশিত ফলাফলকে কেন্দ্র করে দায়িত্ব ভাগ করা হবে। ফলে একটি টিম গ্রাহকসেবার পুরো প্রক্রিয়ার সঙ্গে আরও সরাসরি যুক্ত থাকবে।

একই সঙ্গে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কাঠামোও সহজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিভিন্ন পর্যায়ের ম্যানেজমেন্ট কমিয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া দ্রুত করা হবে। কর্মীদের দায়িত্ব ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও স্পষ্টভাবে নির্ধারণ করা হবে, যাতে একাধিক বিভাগের মধ্যে সমন্বয়ের জটিলতা কমে আসে।

হাবস্পট কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন কাঠামো নির্ধারণের পর প্রতিষ্ঠানের বিভিন্ন পদের প্রয়োজনীয়তা পর্যালোচনা করা হয়েছে। ব্যবসায়িক অগ্রাধিকার, রাজস্ব অর্জনের সক্ষমতা, প্রয়োজনীয় দক্ষতা, কর্মীর সংখ্যা এবং নেতৃত্বসহ ছয়টি বিষয় বিবেচনা করে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে চাকরি হারাতে যাওয়া কর্মীদের জন্য আর্থিক ক্ষতিপূরণ ও ক্যারিয়ার সহায়তার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

হাবস্পটের প্রকাশিত তথ্য অনুযায়ী, ছাঁটাইয়ের আওতায় পড়া কর্মীরা সাধারণভাবে মূল বেতনের ২০ সপ্তাহের সমপরিমাণ ক্ষতিপূরণ পাবেন। এর সঙ্গে প্রতিষ্ঠানে প্রতি বছর চাকরির জন্য অতিরিক্ত এক সপ্তাহের বেতন যোগ হবে। তবে মোট ক্ষতিপূরণ সর্বোচ্চ ৩০ সপ্তাহের মূল বেতনের সমপরিমাণ হবে।

যুক্তরাষ্ট্রের কর্মীদের জন্য পাঁচ মাসের কোবরা হেলথ ইন্স্যুরেন্স সুবিধার সমপরিমাণ অর্থ এককালীন দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি চাকরি হারানো কর্মীরা নতুন চাকরি খুঁজতে ছয় মাসের ক্যারিয়ার সহায়তা পাবেন।

কোম্পানি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কর্মীরা তাদের ব্যবহৃত হাবস্পটের ল্যাপটপ এবং বাসা থেকে কাজের জন্য দেওয়া মনিটর, কিবোর্ডসহ অন্যান্য সরঞ্জামও রাখতে পারবেন। তবে ল্যাপটপে থাকা প্রতিষ্ঠানের তথ্য দূর থেকে মুছে ফেলা হবে।

যুক্তরাষ্ট্রের বাইরে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে স্থানীয় আইন ও নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ এবং চাকরি ছাড়ার প্রক্রিয়া পরিচালিত হবে।

এদিকে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেওয়া নথি অনুযায়ী, গত ১ অক্টোবর হাবস্পটের পরিচালনা পর্ষদ এই পুনর্গঠন পরিকল্পনা অনুমোদন করে। কর্মী ছাঁটাই ও সংশ্লিষ্ট অন্যান্য খরচ বাবদ প্রতিষ্ঠানটির আনুমানিক ৬ কোটি ৫০ লাখ থেকে ৭ কোটি ৫০ লাখ ডলার ব্যয় হতে পারে। ২০২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের শেষ নাগাদ পুনর্গঠনের অধিকাংশ কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে।

২০০৬ সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির দুই সাবেক শিক্ষার্থী ব্রায়ান হ্যালিগান ও ধর্মেশ শাহ হাবস্পট প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে। বিপণন, বিক্রয়, কাস্টমার সার্ভিস এবং ব্যবসায়িক তথ্য ব্যবস্থাপনায় ব্যবহৃত সফটওয়্যারের জন্য প্রতিষ্ঠানটি পরিচিত।

প্রযুক্তি খাতে এআইয়ের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সফটওয়্যার কোম্পানিগুলোর ব্যবসায়িক মডেলেও পরিবর্তন আসছে। হাবস্পটের সাম্প্রতিক সিদ্ধান্ত সেই পরিবর্তনের অংশ হিসেবে এসেছে। তবে প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, এই ছাঁটাইকে সরাসরি এআইয়ের মাধ্যমে মানুষের চাকরি প্রতিস্থাপনের ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।

হাবস্পটের এই সিদ্ধান্তের ফলে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রায় ৬৬০ জনকে চাকরি ছাড়তে হবে। যুক্তরাষ্ট্রে কতজন কর্মী ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তাঁদের মধ্যে কেমব্রিজের সদর দপ্তরে কর্মরত কতজন রয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার