বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে ৫ সেন্টের নিকেল তৈরিতে খরচ ১৩ সেন্ট, পেনির পর এবার নিকেলেও খরচ কমানোর উদ্যোগ
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পিএম
বিজ্ঞাপন
মার্কিন নাগরিকদের দৈনন্দিন জীবনে খুচরা পয়সার ব্যবহার দিন দিন উল্লেখযোগ্য হারে কমে আসছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের মুদ্রা ব্যবস্থায় বড় পরিবর্তনের অংশ হিসেবে ১ সেন্টের 'পেনি' বাতিলের পর এবার ৫ সেন্ট মূল্যের 'নিকেল' নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে মার্কিন কংগ্রেস। একটি ৫ সেন্টের নিকেল তৈরি করতে ১৩ সেন্ট খরচ হওয়ায় এখন এর বিকল্প ও সাশ্রয়ী উপাদান খুঁজছেন মার্কিন আইনপ্রণেতারা।
চলতি বছরের শুরুর দিকে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে দ্বিদলীয় ‘কমন সেন্টস অ্যাক্ট’ (Common Cents Act) নামের একটি বিল সর্বসম্মতিক্রমে পাস হয়, যার মূল লক্ষ্য ছিল পেনিকে চিরতরে বাতিল করা। বিলটি বর্তমানে আইনে পরিণত হওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে।
গত বছরের ডিসেম্বরে মার্কিন ট্রেজারি বিভাগ ঘোষণা করেছিল যে, ইউএস মিন্ট আর পেনি তৈরি করবে না, কারণ তখন একটি পেনি তৈরি করতে এর প্রকৃত মূল্যের চেয়ে তিনগুণ বেশি খরচ হতো। ট্রাম্প প্রশাসনের প্রক্ষেপণ অনুযায়ী, পেনি তৈরি বন্ধের এই সিদ্ধান্ত থেকে তাৎক্ষণিকভাবে প্রায় ৫ কোটি ৬০ লাখ ডলার সাশ্রয় হবে।
পেনি উৎপাদন বন্ধের পর এবার বিলটির আরেকটি অংশের দিকে নজর দিচ্ছেন আইনপ্রণেতারা। বিলের এই অংশে ট্রেজারি বিভাগকে নিকেল তৈরির জন্য বর্তমানের চেয়ে সস্তা উপাদান ব্যবহারের সম্ভাবনা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে একটি নিকেল ২৫ শতাংশ নিকেল ও ৭৫ শতাংশ তামার মিশ্রণে তৈরি হয় এবং সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রতিটি মুদ্রা তৈরি করতে করদাতাদের প্রায় ৮ সেন্ট লোকসান হয়।
মিশিগানের রিপাবলিকান প্রতিনিধি লিসা ম্যাকক্লেইন জানান, ৫ সেন্টের একটি মুদ্রা তৈরি করতে ১৩ সেন্ট খরচ হওয়াটা সরকারের অর্থের অপচয়। তিনি মনে করেন, সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবহারে ব্যাঘাত না ঘটিয়ে নিকেল তৈরির খরচ কমানোর একটি সহজ ও সাশ্রয়ী পথ তৈরি করবে এই বিল।
সিনেটে এই বিলের নেতৃত্ব দেওয়া ওয়াইমিংয়ের রিপাবলিকান সিনেটর সিনথিয়া লুমিসও বিষয়টি সমর্থন করে জানান, মানুষ এখন দৈনন্দিন কেনাকাটায় নগদ অর্থের বদলে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং স্টেবলকয়েন বেশি ব্যবহার করছেন। প্রয়োজনীয়তা ফুরিয়ে যাওয়ায় অতীতে যেমন হাফ-সেন্ট বাতিল করা হয়েছিল, পেনির ক্ষেত্রেও এখন একই সময় এসেছে। তবে এখনই নিকেল উৎপাদন পুরোপুরি বন্ধ করার কোনো ইচ্ছা আইনপ্রণেতাদের নেই।
গত মে মাসে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্র চাইলে নিকেল তৈরির প্রক্রিয়ায় পরিবর্তন এনে এর উৎপাদন খরচ কমাতে পারে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প যদি এই বিলে চূড়ান্ত স্বাক্ষর না করেন, তাহলে ভবিষ্যতের যেকোনো প্রশাসন পেনি বাতিলের সিদ্ধান্তটি উল্টে দেওয়ার ক্ষমতা রাখবে।