Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

অবৈধ মাইগ্রেন্টসদের টিউশন ১৫ হাজার ডলার, মার্কিন শিক্ষার্থীদের ৪২ হাজার! ট্রাম্প প্রশাসনের মামলা

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পিএম

অবৈধ মাইগ্রেন্টসদের টিউশন ১৫ হাজার ডলার, মার্কিন শিক্ষার্থীদের ৪২ হাজার! ট্রাম্প প্রশাসনের মামলা

বিজ্ঞাপন

অনথিভুক্ত অভিবাসী শিক্ষার্থীদের কম ইন-স্টেট টিউশন দেওয়ার নীতিকে চ্যালেঞ্জ করে ইউনিভার্সিটি অব ডেলাওয়্যারের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট। ট্রাম্প প্রশাসনের দাবি, ডেলাওয়্যারে বসবাসকারী অনথিভুক্ত শিক্ষার্থীরা বছরে প্রায় ১৫ হাজার ৭৪০ ডলার টিউশন দিয়ে পড়ার সুযোগ পেলেও অন্য অঙ্গরাজ্যের মার্কিন নাগরিক শিক্ষার্থীদের দিতে হচ্ছে প্রায় ৪২ হাজার ৪৭০ ডলার। এই ব্যবধান ফেডারেল আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করেছে সরকার।

১ অক্টোবর দায়ের করা মামলায় জাস্টিস ডিপার্টমেন্ট বলেছে, বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেসিডেন্সি নীতি এমন শিক্ষার্থীদের ইন-স্টেট টিউশন সুবিধা দেয়, যারা ডেলাওয়্যারে বসবাস করলেও যুক্তরাষ্ট্রে বৈধ ইমিগ্রেশন স্ট্যাটাসে নেই। অন্যদিকে ডেলাওয়্যারের বাইরের কোনো মার্কিন নাগরিক একই কম টিউশন রেট পান না। সরকারের অভিযোগ, এই নীতি ফেডারেল আইনের দুটি পৃথক বিধানের সঙ্গে সাংঘর্ষিক।

জাস্টিস ডিপার্টমেন্টের মামলায় বলা হয়েছে, ৮ ইউএসসি ১৬২৩(এ) অনুযায়ী কোনো অঙ্গরাজ্য শুধুমাত্র বসবাসের ভিত্তিতে এমন কোনো পোস্টসেকেন্ডারি শিক্ষা সুবিধা অনথিভুক্ত অভিবাসীকে দিতে পারে না, যদি সেই একই সুবিধা অন্য অঙ্গরাজ্যে বসবাসকারী মার্কিন নাগরিকদের জন্য উন্মুক্ত না থাকে। মামলায় আরও দাবি করা হয়েছে, ইউনিভার্সিটি অব ডেলাওয়্যারের নীতিটি ৮ ইউএসসি ১৬২১(ডি)-এর সঙ্গেও সাংঘর্ষিক।

সরকারি অভিযোগ অনুযায়ী, ইউনিভার্সিটি অব ডেলাওয়্যারে ডেলাওয়্যার রেসিডেন্ট শিক্ষার্থীর বার্ষিক টিউশন প্রায় ১৫ হাজার ৭৪০ ডলার। বিপরীতে নন-রেসিডেন্ট শিক্ষার্থীর টিউশন প্রায় ৪২ হাজার ৪৭০ ডলার। অর্থাৎ বছরে পার্থক্য প্রায় ২৬ হাজার ৭৩০ ডলার। নন-রেসিডেন্টদের টিউশন রেসিডেন্টদের তুলনায় প্রায় ২ দশমিক ৭ গুণ বেশি।

জাস্টিস ডিপার্টমেন্টের দাবি, যোগ্য অনথিভুক্ত শিক্ষার্থীরা রেসিডেন্ট হিসেবে কম টিউশন সুবিধা পেতে পারে, কিন্তু ডেলাওয়্যারের বাইরে বসবাসকারী মার্কিন নাগরিক শিক্ষার্থীরা একই সুবিধা পায় না। সরকার এই ব্যবস্থাকে ফেডারেল আইনের পরিপন্থী বলে আদালতের কাছে নীতিটির প্রয়োগ বন্ধের অনুরোধ জানিয়েছে।

মামলায় আদালতের কাছে এমন একটি আদেশ চাওয়া হয়েছে, যাতে বিশ্ববিদ্যালয় অনথিভুক্ত শিক্ষার্থীদের জন্য বর্তমান ইন-স্টেট টিউশন নীতি কার্যকর করতে না পারে। একই সঙ্গে ভবিষ্যতে এমন নতুন কোনো টিউশন নীতিও চালু না করতে বলা হয়েছে, যা অনথিভুক্ত শিক্ষার্থীদের এমন সুবিধা দেবে যা একইভাবে সব মার্কিন নাগরিকের জন্য উন্মুক্ত নয়।

ইউনিভার্সিটি অব ডেলাওয়্যার মামলার বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা জাস্টিস ডিপার্টমেন্টের অভিযোগটি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করছে। বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এখনই এর বেশি মন্তব্য করা হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়।

এই মামলা ট্রাম্প প্রশাসনের বৃহত্তর জাতীয় উদ্যোগের অংশ। জাস্টিস ডিপার্টমেন্ট জানিয়েছে, অনথিভুক্ত শিক্ষার্থীদের ইন-স্টেট টিউশন সুবিধা নিয়ে বিভিন্ন অঙ্গরাজ্য ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ পর্যন্ত ২৬টি মামলা করেছে তারা। টেক্সাস, কেনটাকি, ওকলাহোমা, নেব্রাস্কা, ইলিনয় ও কানসাসে একই ধরনের নীতির বিরুদ্ধে আদালত ইতোমধ্যে সরকারের পক্ষে আদেশ দিয়েছে বলে বিভাগটি জানিয়েছে।

ডেলাওয়্যার মামলায় জাস্টিস ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট অ্যাটর্নি জেনারেল স্ট্যানলি উডওয়ার্ড বলেন, কংগ্রেস অনেক আগেই পরিষ্কার করেছে যে এমন কম টিউশন সুবিধা অনথিভুক্ত অভিবাসীদের দেওয়া যাবে না, যা সব মার্কিন নাগরিকের জন্য সমভাবে উন্মুক্ত নয়। অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ব্রেট শুমেটও বলেছেন, কলেজ ও বিশ্ববিদ্যালয় এমন সুবিধা দিতে পারে না যা অনথিভুক্ত শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে কিন্তু মার্কিন নাগরিকদের দেওয়া হচ্ছে না।

তবে মামলাটি এখনো বিচারাধীন এবং আদালত এখনো ইউনিভার্সিটি অব ডেলাওয়্যারের নীতিকে অবৈধ ঘোষণা করেনি। জাস্টিস ডিপার্টমেন্টের বক্তব্যগুলো মামলার অভিযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ও এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো বিস্তারিত আইনি জবাব দেয়নি। মামলার পরবর্তী ধাপে আদালত নির্ধারণ করবে, বিশ্ববিদ্যালয়ের টিউশন নীতি ফেডারেল আইনের সঙ্গে সাংঘর্ষিক কি না এবং নীতিটি পরিবর্তন বা স্থগিত করতে হবে কি না।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার